হাসনাত আবদুল্লাহর আসনে বিএনপি প্রার্থী মঞ্জুরুলের মনোনয়ন বাতিল
কুমিল্লা-৪ আসনের বিএনপি মনোনীত প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর মনোনয়নপত্র বাতিল করেছে নির্বাচন কমিশন (ইসি)। শনিবার (১৭ জানুয়ারি) অনুষ্ঠিত আপিল শুনানি শেষে এ সিদ্ধান্ত জানানো হয়।
ইসি সূত্রে জানা গেছে, এনসিপি প্রার্থী হাসনাত আবদুল্লাহর মনোনয়ন বাতিল চেয়ে মঞ্জুরুল আহসান মুন্সী নির্বাচন কমিশনে আপিল করেছিলেন। তবে কমিশন তার আবেদন গ্রহণ না করে হাসনাত আবদুল্লাহর মনোনয়ন বহাল রাখে। একই সঙ্গে ঋণখেলাপির অভিযোগ প্রমাণিত হওয়ায় মঞ্জুরুল আহসান মুন্সীর মনোনয়নপত্র বাতিল করা হয়।
এর আগে গত ৯ জানুয়ারি হাসনাত আবদুল্লাহর মনোনয়ন বাতিলের দাবিতে নির্বাচন কমিশনে আবেদন করেছিলেন মঞ্জুরুল আহসান মুন্সী। অপরদিকে, তারও আগে মঞ্জুরুল আহসান মুন্সীর বিরুদ্ধে ঋণখেলাপির অভিযোগ তুলে মনোনয়ন বাতিলের আবেদন করেন হাসনাত আবদুল্লাহ।
নির্বাচন কমিশন জানায়, যাচাই-বাছাই ও আপিল শুনানি শেষে প্রাপ্ত তথ্য-প্রমাণের ভিত্তিতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ফলে কুমিল্লা-৪ আসনে এনসিপি প্রার্থী হাসনাত আবদুল্লাহ নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ পাচ্ছেন, তবে বিএনপির প্রার্থী হিসেবে মঞ্জুরুল আহসান মুন্সী আর প্রতিদ্বন্দ্বিতায় থাকছেন না।


