অতিরিক্ত পাঠ্যবই ও পরীক্ষানির্ভর শিক্ষাব্যবস্থার সমালোচনায় শিক্ষা উপদেষ্টা

শিক্ষা
অতিরিক্ত পাঠ্যবই ও পরীক্ষানির্ভর শিক্ষাব্যবস্থার সমালোচনায় শিক্ষা উপদেষ্টা
নিউজ ডেস্ক
২০ জানুয়ারি ২০২৬

দেশের বর্তমান শিক্ষাব্যবস্থায় অতিরিক্ত পাঠ্যবই ও পরীক্ষানির্ভরতার প্রবণতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. সি আর আবরার। তিনি বলেন, শিশু ও তরুণ শিক্ষার্থীদের ওপর অযথা বইয়ের চাপ এবং ঘনঘন লিখিত পরীক্ষা তাদের সৃজনশীলতা ও বহুমাত্রিক গুণাবলি বিকাশে বাধা সৃষ্টি করছে।

মঙ্গলবার (২০ জানুয়ারি) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ‘জাতীয় শিক্ষা সপ্তাহ–২০২৬’-এর পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শিক্ষা উপদেষ্টা বলেন, “মেধা বলতে আমরা কেবল পরীক্ষার ফলাফলকেই গুরুত্ব দিই, যা সঠিক নয়। একজন শিক্ষার্থীর প্রকৃত মেধা খেলাধুলা, সংস্কৃতি, বিতর্ক, সমাজসেবা ও নেতৃত্বের মধ্য দিয়েও বিকশিত হয়।” তিনি শিক্ষার লক্ষ্যকে আরও বাস্তবধর্মী ও আনন্দময় করার ওপর গুরুত্বারোপ করেন।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

তিনি আরও বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে এমনভাবে গড়ে তুলতে হবে যেন শিক্ষার্থীরা স্কুলে যেতে আগ্রহী হয় এবং ছুটির দিনেও স্কুল মিস করে। শুধু কিছু নির্বাচিত প্রতিষ্ঠান নয়, দেশের প্রতিটি স্কুলকে মানসম্মত ও আকর্ষণীয় করে তুলতে হবে, যাতে সব শিক্ষার্থী সমান সুযোগ পায়।

অধ্যাপক সি আর আবরার বলেন, দেশের প্রত্যন্ত ও গ্রামীণ অঞ্চল থেকেও মেধাবী শিক্ষার্থী উঠে আসছে, যা প্রমাণ করে মেধা কোনো এলাকার মধ্যে সীমাবদ্ধ নয়। এখন প্রয়োজন সেই মেধাকে যথাযথভাবে লালন ও বিকাশের ব্যবস্থা করা।

অনুষ্ঠানে পুরস্কারপ্রাপ্তদের মধ্যে নারীদের অংশগ্রহণের বিষয়টি তুলে ধরে তিনি বলেন, মোট পুরস্কারপ্রাপ্তদের ৫৭ শতাংশ নারী। এই অগ্রগতি ধরে রাখতে সমাজের সর্বস্তরে ইতিবাচক মানসিকতার পরিবর্তন প্রয়োজন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব রেহানা পারভীন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের সচিব মুহাম্মদ রফিকুল ইসলাম। স্বাগত বক্তব্য দেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক (চলতি দায়িত্ব) অধ্যাপক বি এম আব্দুল হান্নান।