মাইলস্টোনে বিমান বিধ্বস্তে ছয় মাসে ৩৬ বার অপারেশনের পর ঘরে ফিরল আবিদ
রাজধানীর উত্তরায় বিমান বিধ্বস্ত দুর্ঘটনায় দগ্ধ মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী আবিদুর রহিম (১২) ৬ মাস চিকিৎসা ও ৩৬টি অস্ত্রোপচারের পর অবশেষে ঘরে ফিরে এসেছেন। সে বর্তমানে পঞ্চম শ্রেণির ছাত্র।
বুধবার (২১ জানুয়ারি) দুপুরে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের কনফারেন্স রুমে আয়োজিত সংবাদ সম্মেলনে এই তথ্য জানান প্রতিষ্ঠানটির পরিচালক অধ্যাপক নাসির উদ্দিন।
সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার রূপবাটি ইউনিয়নের মোয়াকোলা পূর্বপাড়া গ্রামের আবুল কালাম আজাদের ছেলে আবিদ পরিবারের সঙ্গে ঢাকার উত্তরায় বসবাস করে। দুর্ঘটনায় তার দুই হাত, মুখ ও শরীরের বিভিন্ন অংশে ২৫ শতাংশ পর্যন্ত দগ্ধ হয়েছিল এবং শ্বাসনালীও ক্ষতিগ্রস্ত হয়েছিল। তার বড় বোন রাইসা (১৩) একই স্কুলে অষ্টম শ্রেণিতে পড়ে।
উল্লেখ্য, গত ২১ জুলাই দুপুরে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি দোতলা ভবনে বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়। এতে ৩৬ জন নিহত ও ১২৪ জন আহত হয়। দুর্ঘটনার তদন্তে পাইলটের উড্ডয়ন ত্রুটিই প্রধান কারণ হিসেবে চিহ্নিত করা হয়েছে।


