বাংলাদেশের নির্বাচন পর্যবেক্ষণের জন্য ১৪ সদস্যের পর্যবেক্ষক দল পাঠাচ্ছে কমনওয়েলথ

জাতীয়
বাংলাদেশের নির্বাচন পর্যবেক্ষণের জন্য ১৪ সদস্যের পর্যবেক্ষক দল পাঠাচ্ছে কমনওয়েলথ
নিউজ ডেস্ক
২২ জানুয়ারি ২০২৬

আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও একই দিনে গণভোট অনুষ্ঠিত হবে বাংলাদেশে। দেশের রাজনৈতিক পরিবেশে ইতিমধ্যেই নির্বাচনী উত্তেজনা বৃদ্ধি পেয়েছে, এবং প্রার্থীরা আনুষ্ঠানিক প্রচারণায় নেমে পড়েছেন। এই পরিস্থিতিতে সরকারও নিরাপত্তা ও প্রশাসনিক প্রস্তুতি জোরদার করেছে।

জাতিসংঘ এই নির্বাচনকে স্বাগত জানিয়েছে। সংস্থার মুখপাত্র ফারহান হক মঙ্গলবার (২০ জানুয়ারি) বলেন, “বাংলাদেশে নির্বাচনের সময় এমন একটি পরিবেশ নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেখানে সব নাগরিক শান্তিপূর্ণভাবে রাজনৈতিক কর্মকাণ্ডে অংশ নিতে পারবেন এবং নিজস্ব মত প্রকাশ করতে পারবে। কোনো ধরনের বাধা বা হুমকি নির্বাচন প্রক্রিয়ার স্বচ্ছতা ও জনগণের আস্থা নষ্ট করবে।”

একই সঙ্গে, বাংলাদেশে আসন্ন নির্বাচন ও গণভোট পর্যবেক্ষণের জন্য কমনওয়েলথ ১৪ সদস্যের একটি আন্তর্জাতিক পর্যবেক্ষক দল পাঠাচ্ছে। দলটির নেতৃত্ব দেবেন ঘানার সাবেক প্রেসিডেন্ট এইচ ই নানা আকুফো-আদো। দলের অন্যান্য সদস্যদের মধ্যে থাকছেন নির্বাচনী ব্যবস্থাপনা, আইন, গণমাধ্যম ও জেন্ডার বিষয়ক বিশেষজ্ঞরা। পর্যবেক্ষক দলের মূল দায়িত্ব হবে নির্বাচন ও গণভোটের স্বচ্ছতা, অন্তর্ভুক্তিমূলকতা এবং বিশ্বাসযোগ্যতা পর্যবেক্ষণ করা।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

পর্যবেক্ষক দল নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর একটি বিস্তারিত প্রতিবেদন কমনওয়েলথ মহাসচিবের কাছে জমা দেবে। পরবর্তীতে সেই প্রতিবেদন বাংলাদেশ সরকার, নির্বাচন কমিশন, রাজনৈতিক দলসমূহ এবং সাধারণ জনগণের জন্য প্রকাশ করা হবে।

কমনওয়েলথ ও জাতিসংঘের এই উদ্যোগ বাংলাদেশের নির্বাচনী প্রক্রিয়ার স্বচ্ছতা ও আন্তর্জাতিক স্বীকৃতি জোরদার করতে সহায়ক হবে বলে আশা করা হচ্ছে।