শিক্ষা ইশতেহারে সুনির্দিষ্ট অঙ্গীকার-পরিকল্পনা তুলে ধরলো বিএনপি
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বিএনপি তাদের নির্বাচনি ইশতেহারে শিক্ষা খাতে একাধিক নতুন প্রতিশ্রুতি ঘোষণা করেছে। ‘আনন্দময় শিক্ষা, দক্ষ জনশক্তি ও আধুনিক বাংলাদেশ’ শিরোনামের অধীনে বিএনপি শিক্ষাব্যবস্থাকে আরও আধুনিক ও দক্ষতা ভিত্তিক করতে বিভিন্ন উদ্যোগের কথা উল্লেখ করেছে।
বিএনপির ইশতেহারে বলা হয়েছে, প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ে শিক্ষক ও শিক্ষার্থীদের জন্য নানা রকম সুযোগ-সুবিধা ও আধুনিক শিক্ষাপদ্ধতি চালু করা হবে। বিশেষ করে ‘এক শিক্ষক, এক ট্যাব’ কর্মসূচির মাধ্যমে শিক্ষক প্রশিক্ষণ ও শিক্ষার্থীদের দক্ষতা অর্জন নিশ্চিত করা হবে।
প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের প্রতিটি শিক্ষককে আধুনিক ও সময়োপযোগী প্রশিক্ষণ দেওয়া হবে। শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়নের লক্ষ্যে ট্যাবলেট কম্পিউটার বিতরণ করা হবে।
শিক্ষামূলক ছবি, ভিডিও ও তথ্যচিত্রের মাধ্যমে পাঠ্যক্রম এবং নৈতিক শিক্ষাকে আরও কার্যকর করা হবে। এ লক্ষ্যে প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে মাল্টিমিডিয়া ক্লাসরুম স্থাপন করা হবে।
ষষ্ঠ শ্রেণি থেকে শিক্ষার্থীদের টিম-ওয়ার্ক, ব্যক্তিগত দক্ষতা, পারিবারিক ও সামাজিক মূল্যবোধ ও নৈতিক শিক্ষা প্রদান করে শিক্ষাকে আনন্দময় করা হবে।
বাংলা ও ইংরেজির পাশাপাশি মাধ্যমিক পর্যায় থেকে আরবি, জাপানিজ, কোরিয়ান, ইতালিয়ান বা ম্যান্ডারিনের মতো বিদেশি ভাষা শেখানো বাধ্যতামূলক করা হবে।
সাধারণ শিক্ষার পাশাপাশি কারিগরি শিক্ষা বাধ্যতামূলক করে শিক্ষার্থীদের আত্মকর্মসংস্থান ও বৈশ্বিক চাকরির সুযোগ নিশ্চিত করা হবে।
ফুটবল, ক্রিকেট, সাঁতারসহ বিভিন্ন ক্রীড়া এবং সংগীত, নৃত্য ও নাটককে পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত করে শিক্ষার্থীদের মননশীল ও সৃজনশীল মানুষ হিসেবে গড়ে তোলা হবে।
শিক্ষক ও শিক্ষার্থীদের জন্য পরিচ্ছন্ন পরিবেশ, স্বাস্থ্যসম্মত টয়লেট নিশ্চিত করা হবে। পাশাপাশি ধাপে ধাপে সারাদেশে ‘মিড-ডে মিল’ (দুপুরের খাবার) চালু করা হবে।
শিক্ষকতা পেশায় মেধাবীদের আকর্ষণ বাড়াতে বড় পরিসরে কর্মসংস্থান সৃষ্টি করা হবে। পাশাপাশি শিক্ষকদের অর্থনৈতিক ও সামাজিক মর্যাদা বৃদ্ধিরও পরিকল্পনা রয়েছে।


