প্রবাসীদের পাঠানো ২১ হাজারের বেশি পোস্টাল ব্যালট দেশে পৌঁছেছে

জাতীয়
প্রবাসীদের পাঠানো ২১ হাজারের বেশি পোস্টাল ব্যালট দেশে পৌঁছেছে
নিউজ ডেস্ক
২৭ জানুয়ারি ২০২৬

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে প্রবাসী ভোটারদের পাঠানো পোস্টাল ব্যালট বাংলাদেশে পৌঁছাতে শুরু করেছে। মঙ্গলবার (২৭ জানুয়ারি) সকাল সাড়ে ১০টা পর্যন্ত মোট ২১ হাজার ৫০৮টি ব্যালট দেশে এসেছে।

নির্বাচন কমিশনের ‘ওসিভি-এসডিআই’ প্রকল্পের টিম লিডার সালীম আহমাদ খান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করতে এরই মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক ব্যালট বিদেশ থেকে ফেরত আসছে।

নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, বাংলাদেশ থেকে মোট ৭ লাখ ৬৬ হাজার ৮৬২ জন প্রবাসী ভোটারের কাছে পোস্টাল ব্যালট পাঠানো হয়েছিল। এর মধ্যে ৪ লাখ ৯৩ হাজার ৯২০ জন ব্যালট গ্রহণ করেছেন। ভোট প্রদান করেছেন ৪ লাখ ২৫ হাজার ৭৮৮ জন প্রবাসী এবং ভোট দিয়ে নিজ নিজ দেশের ডাকঘরে জমা দিয়েছেন ৩ লাখ ৭০ হাজার ৩২২টি ব্যালট।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

কমিশনের পক্ষ থেকে প্রবাসীদের ব্যালট পাওয়ার পর দ্রুত ভোট দিয়ে নিকটবর্তী পোস্ট অফিসে পাঠানোর আহ্বান জানানো হয়েছে। নির্বাচন বিধি অনুযায়ী, আগামী ১২ ফেব্রুয়ারি বিকেল সাড়ে ৪টার মধ্যে সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে ব্যালট পৌঁছাতে হবে। নির্ধারিত সময়ের পর আসা কোনো ব্যালট গণনায় অন্তর্ভুক্ত করা হবে না।

এবারই প্রথমবারের মতো ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে রেকর্ড সংখ্যক ভোটার পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার জন্য নিবন্ধন করেছেন। মোট ১৫ লাখ ৩৩ হাজার ভোটার আবেদন করেছেন, যার অর্ধেকের বেশি প্রবাসী ভোটার। এ ছাড়া দেশের ভেতরে নির্বাচনী দায়িত্বে থাকা কর্মকর্তা-কর্মচারী, নিজ এলাকার বাইরে কর্মরত সরকারি চাকরিজীবী এবং আইনি হেফাজতে থাকা ভোটাররাও এই সুবিধা পাচ্ছেন।

উল্লেখ্য, আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে। সেদিন সাধারণ ভোটের পাশাপাশি ডাকযোগে প্রাপ্ত পোস্টাল ব্যালটও গণনা করা হবে।