কলম্বিয়ায় যাত্রীবাহী বিমান বিধ্বস্ত, এমপিসহ নিহত ১৫

কলম্বিয়ায় যাত্রীবাহী বিমান বিধ্বস্ত, এমপিসহ নিহত ১৫
নিউজ ডেস্ক
২৯ জানুয়ারি ২০২৬

কলম্বিয়ায় একটি যাত্রীবাহী বিমান দুর্ঘটনায় দেশটির একজন সংসদ সদস্যসহ অন্তত ১৫ জন নিহত হয়েছেন। বুধবার স্থানীয় সময় দুপুরের দিকে এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনার শিকার বিমানটি কলম্বিয়ার রাষ্ট্রায়ত্ত বিমান সংস্থা সাতেনার মালিকানাধীন একটি বিচক্র্যাফট ১৯০০ টুইন-প্রোপেলার উড়োজাহাজ। বিমানটি ভেনেজুয়েলা-সংলগ্ন সীমান্ত শহর কুকুটা থেকে ওকানা শহরের উদ্দেশে যাত্রা করেছিল।

কলম্বিয়ার কর্তৃপক্ষ জানিয়েছে, উড়োজাহাজটিতে দুইজন ক্রুসহ মোট ১৫ জন আরোহী ছিলেন। নিহতদের মধ্যে কলম্বিয়ার সংসদ সদস্য দিওজেনেস কুইনতেরোও রয়েছেন। ওকানার এমপি উইলমের ক্যারিল্লো এএফপিকে বিষয়টি নিশ্চিত করেছেন।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

সাতেনা কর্তৃপক্ষের ভাষ্য অনুযায়ী, ওকানার আকাশসীমায় প্রবেশের পর হঠাৎ করেই কন্ট্রোল টাওয়ারের সঙ্গে বিমানের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। কিছু সময় পর বিমানটি পাহাড়ি এলাকায় বিধ্বস্ত হয়ে বিস্ফোরিত হয়। এতে আরোহীদের কেউ বেঁচে নেই বলে ধারণা করা হচ্ছে।

দুর্ঘটনাস্থলটি একটি দুর্গম পাহাড়ি অঞ্চল, যেখানে আবহাওয়া দ্রুত পরিবর্তিত হয়। অঞ্চলটি কলম্বিয়া-ভেনেজুয়েলা সীমান্তবর্তী এবং সেখানে সক্রিয় রয়েছে ন্যাশনাল লিবারেশন আর্মি (ইএলএন) নামের একটি সশস্ত্র গোষ্ঠী। যদিও এখন পর্যন্ত দুর্ঘটনার পেছনে কোনো নাশকতার প্রমাণ পাওয়া যায়নি বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

বিমানটির ধ্বংসাবশেষ ও নিহতদের মরদেহ উদ্ধারে কলম্বিয়ার বিমান বাহিনীর একটি বিশেষ দল ঘটনাস্থলে পাঠানো হয়েছে। দুর্ঘটনার কারণ জানতে তদন্ত শুরু করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।