শেরপুরে সহিংসতায় জামায়াত নেতার মৃত্যু: গভীর উদ্বেগ অন্তর্বর্তী সরকারের

জাতীয়
শেরপুরে সহিংসতায় জামায়াত নেতার মৃত্যু: গভীর উদ্বেগ অন্তর্বর্তী সরকারের
নিউজ ডেস্ক
২৯ জানুয়ারি ২০২৬

শেরপুরে রাজনৈতিক সহিংসতায় জামায়াতে ইসলামীর এক নেতার মৃত্যুতে গভীর উদ্বেগ প্রকাশ করেছে অন্তর্বর্তীকালীন সরকার। একই সঙ্গে সহিংস ঘটনায় প্রাণহানিকে সম্পূর্ণ অগ্রহণযোগ্য ও অত্যন্ত দুঃখজনক বলে মন্তব্য করেছে সরকার।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সকালে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বিবৃতিতে এ কথা জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, জাতীয় নির্বাচন সামনে রেখে সহিংসতা, ভয়ভীতি প্রদর্শন ও প্রাণহানি গণতান্ত্রিক প্রক্রিয়ার পরিপন্থী। নির্বাচন মাত্র দুই সপ্তাহ দূরে থাকায় বিএনপি, জামায়াতে ইসলামসহ সব রাজনৈতিক দলের প্রতি দায়িত্বশীল আচরণ ও নেতাদের মাধ্যমে সমর্থকদের সংযম বজায় রাখার আহ্বান জানানো হয়েছে।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

সরকার জানিয়েছে, শেরপুরে সংঘর্ষ ও হত্যাকাণ্ডের ঘটনায় পুলিশ ইতোমধ্যে তদন্ত শুরু করেছে এবং ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে। একই সঙ্গে জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়, সব রাজনৈতিক দল ও নির্বাচনী প্রচারণায় সম্পৃক্ত ব্যক্তি ও সংগঠনগুলোর প্রতি শান্তিপূর্ণ আচরণ, আইনের শাসনের প্রতি শ্রদ্ধা এবং গঠনমূলকভাবে ভোটারদের সঙ্গে যোগাযোগ বজায় রাখার আহ্বান জানানো হচ্ছে। শান্তি, শৃঙ্খলা ও গণতান্ত্রিক আচরণের ওপরই দেশের ভবিষ্যৎ নির্ভর করে।

অন্তর্বর্তীকালীন সরকার একটি শান্তিপূর্ণ, অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজনের বিষয়ে দৃঢ় প্রতিশ্রুতিবদ্ধ বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়।