সাংবাদিকদের কার্ড–স্টিকার জটিলতায় ইউটার্ন ইসি’র, ম্যানুয়ালি কার্ড ইস্যুর সিদ্ধান্ত
আসন্ন জাতীয় নির্বাচনে দায়িত্ব পালনকারী সাংবাদিকদের কার্ড ও গাড়ির স্টিকার সংক্রান্ত জটিলতা নিরসনে ম্যানুয়ালি কার্ড ইস্যু করার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। অনলাইন আবেদন প্রক্রিয়া নিয়ে ওঠা অভিযোগের প্রেক্ষিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) নির্বাচন কমিশনের জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, সাংবাদিকদের কার্ড ইস্যুর বিস্তারিত প্রক্রিয়া খুব শিগগিরই জানানো হবে। যারা ইতোমধ্যে অনলাইনে আবেদন করেছেন, তাদের আবেদন বহাল থাকবে। তবে যারা আবেদন করেননি, তাদের আর অনলাইনে আবেদন করার প্রয়োজন নেই। তারা সশরীরে নির্বাচন ভবনে এসে সাংবাদিক কার্ড সংগ্রহ করতে পারবেন।
এর আগে নির্বাচনি দায়িত্ব পালনকারী সাংবাদিকদের জন্য কার্ড ও গাড়ির স্টিকার নিতে অনলাইনে আবেদন বাধ্যতামূলক করে ইসি। তবে সাংবাদিক মহলের পক্ষ থেকে অভিযোগ ওঠে, আবেদন প্রক্রিয়াটি ইউজার ফ্রেন্ডলি নয়। বিষয়টি দ্রুত সমাধানের আশ্বাস দেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।
এদিকে, সাংবাদিক কার্ড ও গাড়ির স্টিকার সংক্রান্ত জটিলতা নিরসনে আগামী রোববারের (১ ফেব্রুয়ারি) মধ্যে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়ে নির্বাচন কমিশনকে আলটিমেটাম দেন সাংবাদিক নেতারা। এর পরপরই অনলাইন আবেদন পদ্ধতি থেকে সরে এসে ম্যানুয়াল পদ্ধতিতে কার্ড ইস্যুর সিদ্ধান্ত নেয় ইসি।


