ইরানে গুরুত্বপূর্ণ বন্দরে শক্তিশালী বিস্ফোরণ
ইরানের দক্ষিণাঞ্চলের গুরুত্বপূর্ণ বন্দরনগরী বান্দর আব্বাসে শক্তিশালী বিস্ফোরণের ঘটনা ঘটেছে। স্থানীয় গণমাধ্যমের বরাতে বার্তাসংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে। তবে বিস্ফোরণের কারণ এখনো স্পষ্ট নয়।
ইরানি গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার শহরের মোয়াল্লেম বুলেভার্ড এলাকায় অবস্থিত একটি আটতলা ভবনে এই বিস্ফোরণ ঘটে। এতে ভবনের দুটি তলা আংশিকভাবে ধ্বংস হয়ে যায়। পাশাপাশি আশপাশের কয়েকটি যানবাহন ও দোকানপাট ক্ষতিগ্রস্ত হয়েছে।
এখন পর্যন্ত এ ঘটনায় কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি। তবে বিস্ফোরণের পর এলাকাজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ইরানি কর্তৃপক্ষ জানিয়েছে, ঘটনাস্থলে উদ্ধার ও নিরাপত্তা তৎপরতা জোরদার করা হয়েছে এবং বিস্ফোরণের কারণ অনুসন্ধানে তদন্ত শুরু হয়েছে।
উল্লেখ্য, বান্দর আব্বাস হরমুজ প্রণালির তীরবর্তী একটি কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ বন্দরনগরী। ইরান ও ওমানের মধ্যবর্তী এই জলপথ দিয়ে বিশ্বের সমুদ্রপথে পরিবাহিত তেলের প্রায় এক-পঞ্চমাংশ চলাচল করে। ফলে অঞ্চলটিতে যেকোনো বড় ধরনের ঘটনা আন্তর্জাতিক পর্যায়েও উদ্বেগ তৈরি করে।


