ভোট নিয়ে দ্বিধায় থাকা ব্যক্তিরা দেশ ছেড়ে পালিয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা
ভোট নিয়ে যারা দ্বিধায় আছে, তারা দেশ ছেড়ে পালিয়েছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) বিকেলে সাভারের তেঁতুলঝোড়া কলেজ কেন্দ্রে আয়োজিত প্রতীকী মক ভোটকেন্দ্রের নিরাপত্তা মহড়া পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “ভোট নিয়ে যারা দ্বিধায় আছে তারা দেশ ছেড়ে চলে গেছে। তারা বিদেশ থেকে নানা কথা বলছে। সাহস থাকলে দেশে এসে আইনের আশ্রয় নিক।”
তিনি জানান, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সম্ভাব্য নাশকতা বা সহিংস পরিস্থিতি মোকাবিলায় আইনশৃঙ্খলা বাহিনী সম্পূর্ণ প্রস্তুত রয়েছে। আগামী ১২ ফেব্রুয়ারি সুষ্ঠু, শান্তিপূর্ণ, নিরপেক্ষ ও উৎসবমুখর নির্বাচন অনুষ্ঠিত হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।
তার ভাষ্য অনুযায়ী, ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করতে যৌথ বাহিনী ও পুলিশের সমন্বয়ে ভোটকেন্দ্রের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। আজকের নিরাপত্তা মহড়ার মাধ্যমে সেই প্রস্তুতির বাস্তব চিত্র তুলে ধরা হয়েছে।
মহড়ায় ভোটকেন্দ্রের ভেতরে পোলিং এজেন্ট, প্রিজাইডিং কর্মকর্তা ও নির্বাচন সংশ্লিষ্টদের দায়িত্ব পালনের চূড়ান্ত অনুশীলন প্রদর্শন করা হয়। এ সময় উপস্থিত ঊর্ধ্বতন কর্মকর্তারা নির্বাচন পরিচালনার প্রস্তুতি সরেজমিনে পর্যবেক্ষণ করেন।
এ সময় স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে ঢাকা জেলার পুলিশ সুপার, জেলা প্রশাসকসহ অন্যান্য প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


