নির্বাচন না হওয়ার কোনো সুযোগ নেই: সেনাপ্রধান

জাতীয়
নির্বাচন না হওয়ার কোনো সুযোগ নেই: সেনাপ্রধান
নিউজ ডেস্ক
৩ ফেব্রুয়ারি ২০২৬

জাতীয় নির্বাচন আয়োজন নিয়ে সরকার, নির্বাচন কমিশন ও আইনশৃঙ্খলা বাহিনীর মধ্যে পূর্ণ আগ্রহ ও প্রস্তুতি রয়েছে বলে মন্তব্য করেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। তিনি বলেন, “এমন পরিস্থিতিতে নির্বাচন না হওয়ার কোনো সুযোগ নেই।”

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) গাজীপুর জেলা পরিদর্শনকালে তিন বাহিনীর প্রধানদের সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তাদের মতবিনিময় সভায় এসব কথা বলেন সেনাপ্রধান।

তিনি বলেন, সুষ্ঠু ও সুন্দর নির্বাচন আয়োজনের সক্ষমতা সবার রয়েছে। সরকার, নির্বাচন কমিশন, পুলিশ এবং সেনা, নৌ ও বিমানবাহিনী—সবাই নির্বাচন অনুষ্ঠানে আন্তরিকভাবে আগ্রহী।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

নির্বাচনকে প্রভাবিত করার সম্ভাব্য চেষ্টার বিষয়ে সতর্ক করে সেনাপ্রধান বলেন, বিকাশসহ বিভিন্ন মাধ্যমে অবৈধ অর্থ লেনদেনের মাধ্যমে প্রভাব বিস্তারের চেষ্টা হতে পারে। এ বিষয়ে নির্বাচন কমিশনের সঙ্গে আলোচনা হয়েছে। কিছু অপরাধী থাকতে পারে, তবে সবাই এমন অপকর্মে জড়াবে না বলেও তিনি উল্লেখ করেন।

তিনি আরও বলেন, নির্বাচনের দিন ভোটারদের ভোটকেন্দ্রে যেতে বাধা দেওয়া, র‍্যাগিং বা বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে সেনাবাহিনী কঠোর ব্যবস্থা নেবে। আইন অনুযায়ী অপরাধীদের যথাযথ শাস্তি নিশ্চিত করা হবে।

এসময় নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান বলেন, দিন-রাত বিভিন্ন সময় অভিযানের মাধ্যমে দুষ্কৃতকারীদের আটক করা হচ্ছে। অপরাধীরা যেন সবসময় ভয় ও আশঙ্কার মধ্যে থাকে, সে পরিবেশ বজায় রাখতে হবে। সবার লক্ষ্য একটাই—সুষ্ঠু, সুন্দর ও নিরপেক্ষ নির্বাচন।

বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন বলেন, সুষ্ঠু নির্বাচনি পরিবেশ নিশ্চিত করতে সাধারণ ভোটারদের মধ্যে আস্থা তৈরি করতে হবে। মাঠে দায়িত্বপ্রাপ্ত সদস্যদের দৃশ্যমান উপস্থিতি বাড়ানোর ওপরও তিনি গুরুত্বারোপ করেন।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানায়, গাজীপুর জেলা পরিদর্শনকালে তিন বাহিনীর প্রধান বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের সম্মেলন কক্ষে ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তা এবং ঢাকা বিভাগের গাজীপুর, নরসিংদী ও নারায়ণগঞ্জ জেলার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও অসামরিক প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন।

সভায় আসন্ন জাতীয় নির্বাচন শান্তিপূর্ণ, নিরপেক্ষ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে আন্তঃপ্রাতিষ্ঠানিক সমন্বয় ও সার্বিক নিরাপত্তা ব্যবস্থাপনা নিয়ে আলোচনা হয়।

আইএসপিআর আরও জানায়, তিন বাহিনীর প্রধান পেশাদারত্ব, নিরপেক্ষতা, শৃঙ্খলা, ধৈর্য ও নাগরিকবান্ধব আচরণের মাধ্যমে দায়িত্ব পালনের ওপর বিশেষ গুরুত্ব দেন। পাশাপাশি ‘ইন এইড টু দ্য সিভিল পাওয়ার’-এর আওতায় মোতায়েন সশস্ত্র বাহিনীর সদস্যদের কার্যক্রম সরেজমিনে পর্যবেক্ষণ ও প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়।