রাজধানীতে একই বাসা থেকে সন্তানসহ ৪ জনের মরদেহ উদ্ধার

জাতীয়
রাজধানীতে একই বাসা থেকে সন্তানসহ ৪ জনের মরদেহ উদ্ধার
নিউজ ডেস্ক
৫ ফেব্রুয়ারি ২০২৬

রাজধানীর মিরপুর-১১ নম্বর সেকশনের পল্লবী ওয়াপদা বিহারি ক্যাম্প এলাকার একটি বাসা থেকে দুই সন্তানসহ এক দম্পতির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে মরদেহগুলো উদ্ধার করা হয়।

পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম আলমগীর জাহান বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ও সিআইডির ক্রাইম সিন ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রাথমিক তদন্ত শুরু করেছে।

নিহতরা হলেন—মোহাম্মদ মাসুম, তার স্ত্রী ফাতেমা আক্তার সুমি, সাড়ে তিন বছর বয়সী ছেলে মিনহাজ এবং দেড় বছর বয়সী ছোট ছেলে আসাদ।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, মিরপুর ১১ নম্বর সেকশনের পল্লবী বি-ব্লকের ৩ নম্বর ওয়াপদা ভবনের বিহারি ক্যাম্প এলাকায় একটি টিনশেড ভাড়া বাসায় ওই পরিবারটি বসবাস করত। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সকাল ৮টা থেকে দুপুর ১২টার মধ্যে কোনো এক সময় তাদের মৃত্যু হয়েছে।

ওসি আলমগীর জাহান বলেন, সুরতহাল প্রতিবেদন প্রস্তুতের পর মরদেহগুলো ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, মোহাম্মদ মাসুম পেশায় রিকশাচালক ছিলেন এবং তার স্ত্রী বিভিন্ন বাসায় গৃহকর্মীর কাজ করতেন। পরিবারটি একাধিক সমিতি থেকে ঋণ নিয়েছিল এবং ঋণের চাপের কারণে প্রায়ই পাওনাদাররা তাদের বাসায় আসত।

স্থানীয়দের ধারণা, চরম আর্থিক সংকটের কারণে হতাশ হয়ে দম্পতি দুই শিশুকে নিয়ে আত্মহত্যার পথ বেছে নিতে পারেন। তবে পুলিশ জানিয়েছে, এটি আত্মহত্যা নাকি অন্য কোনো ঘটনা—সব দিক খতিয়ে দেখা হচ্ছে।