হাদি হত্যার বিচারে রবিবার জাতিসংঘে চিঠি দেবে সরকার

জাতীয়
হাদি হত্যার বিচারে রবিবার জাতিসংঘে চিঠি দেবে সরকার
নিউজ ডেস্ক
৬ ফেব্রুয়ারি ২০২৬

শহীদ শরীফ ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে ইনকিলাব মঞ্চের কর্মসূচিতে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কোনো ধরনের গুলি ব্যবহার করেনি, এমন তথ্য জানিয়েছে অন্তর্বর্তী সরকার। এছাড়া ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসকেরা জানিয়েছেন, আহত কারও শরীরে গুলির আঘাত নেই।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় প্রধান উপদেষ্টার দপ্তরের পাঠানো এক বিবৃতিতে বলা হয়, ৫ ফেব্রুয়ারি থেকে ইনকিলাব মঞ্চের কর্মীরা রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার সামনে বিক্ষোভ শুরু করলে প্রথম পর্যায়ে পুলিশ কোনো বলপ্রয়োগ করেনি। পরে আন্দোলনকারীরা ব্যারিকেড ভেঙে অগ্রসর হওয়ার চেষ্টা করলে জলকামান ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করা হয়। সরকারের পক্ষ থেকে স্পষ্টভাবে জানানো হয়েছে, এই সময় কোনো ধরনের আগ্নেয়াস্ত্র ব্যবহার করা হয়নি।

বিবৃতিতে আরও বলা হয়, ২৩ জন আহত হয়েছেন, তাদের মধ্যে ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবেরও রয়েছেন। তবে চিকিৎসকদের নিশ্চিতকরণ অনুযায়ী, কারও শরীরে গুলির আঘাত নেই।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

সরকার জানিয়েছে, শহীদ হাদির হত্যার বিচারে তারা জাতিসংঘের অধীনে তদন্তের জন্য প্রস্তুত, এবং আগামী রবিবার (৮ ফেব্রুয়ারি) সংশ্লিষ্ট সংস্থার নিকট আনুষ্ঠানিক চিঠি পাঠানো হবে।

এছাড়া বিবৃতিতে জনগণকে ধৈর্য, সংযম ও দায়িত্বশীল থাকার আহ্বান জানানো হয়েছে। দেশের প্রায় ১৮ কোটি মানুষ শান্তিপূর্ণ, অংশগ্রহণমূলক ও সুষ্ঠু নির্বাচন প্রত্যাশা করছে। সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, আসন্ন নির্বাচন গণতান্ত্রিক অগ্রযাত্রার গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে মর্যাদাপূর্ণভাবে সম্পন্ন হবে।