দাঁড়িপাল্লার এক পাল্লায় আমেরিকা, অন্য পাল্লায় ভারত: রেজাউল করীম

রাজনীতি
দাঁড়িপাল্লার এক পাল্লায় আমেরিকা, অন্য পাল্লায় ভারত: রেজাউল করীম
নিউজ ডেস্ক
৭ ফেব্রুয়ারি ২০২৬

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেছেন, দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে যারা রাজনীতিতে আসছে তারা ইনসাফের কথা বললেও বাস্তবে স্বার্থন্বেষী। তিনি বলেন, “তারা বলে দাঁড়িপাল্লা ইনসাফের প্রতীক। কিন্তু সেই দাঁড়িপাল্লার এক পাল্লায় গোপনে আমেরিকা, আরেক পাল্লায় গোপনে ভারত।”

শনিবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে পটুয়াখালী-২ (বাউফল) আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত হাতপাখা প্রতীকের প্রার্থী মুফতি আব্দুল মালেক আনোয়ারীর নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

রেজাউল করীম বলেন, “আমরা বাংলাদেশের মানুষ। আমরা আমেরিকার ইনসাফ চাই না, ভারতের ইনসাফও চাই না। আমরা চাই ইসলামের ইনসাফ।”

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

নির্বাচনী প্রতিশ্রুতি প্রসঙ্গে তিনি বলেন, বিএনপি ও জামায়াত কেউই ইসলামভিত্তিক রাষ্ট্র পরিচালনার কথা বলেনি। তারা প্রচলিত ব্যবস্থার কথা বলেছে। ইসলামী আন্দোলন বাংলাদেশই একমাত্র দল, যারা ইসলামভিত্তিক রাষ্ট্র পরিচালনার ঘোষণা দিয়েছে।

তিনি আরও বলেন, “৫৪ বছর ধরে প্রচলিত আইনের অধীনেই দেশ পরিচালিত হয়েছে। এই আইনের কারণেই দেশ বারবার দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছে, হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার হয়েছে এবং বিদেশি প্রেসক্রিপশনে রাষ্ট্র চালানো হয়েছে।”

ক্ষমতা পরিবর্তনের রাজনীতির সমালোচনা করে তিনি বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় এলে বিএনপি পালায়, বিএনপি ক্ষমতায় এলে আওয়ামী লীগ পালায়। ইসলামী আন্দোলন ক্ষমতায় এলে কোনো নিরপরাধ মানুষকে দেশ ছাড়তে হবে না।

হাতপাখা প্রতীকে ভোট চেয়ে তিনি বলেন, “হাতপাখা প্রতীকে একটি ভোট মানেই ইসলামের পক্ষে একটি শক্তি বৃদ্ধি।” তিনি নতুন ভোটারসহ সব শ্রেণি-পেশার মানুষকে ইসলামী আন্দোলনের পক্ষে ভোট দেওয়ার আহ্বান জানান।

উপজেলার পাবলিক মাঠে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ উপজেলা কমিটির সভাপতি ও প্রার্থী মুফতি আব্দুল মালেক আনোয়ারী। সভায় আরও বক্তব্য দেন কেন্দ্রীয় নেতা নাসির আহমেদ কাউসার, হাবিবুর রহমান মিসবাহ, উপজেলা আহ্বায়ক আবুল হোসেন হাওলাদার ও মাওলানা নুরুল আমিন।