ইনসাফভিত্তিক সরকার গঠিত হলে নাহিদ ইসলামকে মন্ত্রী করা হবে: জামায়াত আমির
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, জনগণের সমর্থনে ইনসাফভিত্তিক সরকার গঠিত হলে নাহিদ ইসলামকে মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত করা হবে। তিনি বলেন, সে সরকার জনগণের সেবক হিসেবে কাজ করবে, মালিক হিসেবে নয়।
রোববার (৮ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর বাড্ডা ডিআইটি প্রজেক্ট খেলার মাঠে ১১ দলীয় ঐক্য জোট আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
ডা. শফিকুর রহমান বলেন, “আল্লাহর মেহেরবানিতে যদি ইনসাফভিত্তিক বাংলাদেশের পক্ষে জনগণের রায় আসে, তাহলে সেই সরকারে নাহিদ ইসলামকে একজন মন্ত্রী হিসেবে আপনারা দেখতে পাবেন। আমরা সবাই মিলেই একটি নতুন বাংলাদেশ গড়বো।”
তিনি আরও বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি হচ্ছে ৫ আগস্টের অসম্পূর্ণ কাজ বাস্তবায়নের দিন। যারা রক্তের সঙ্গে বেইমানি করবে, ইতিহাস তাদের ক্ষমা করবে না। দেশজুড়ে মানুষ জেগে উঠেছে এবং পুরোনো রাজনৈতিক বন্দোবস্ত প্রত্যাখ্যান করেছে। জনগণ এখন একটি নতুন রাজনৈতিক ধারা ও নতুন বাংলাদেশ দেখতে চায়।
জামায়াত আমির বলেন, তার দল আর জনগণকে কোনো মিথ্যা আশ্বাস দেবে না। “আল্লাহকে সাক্ষী রেখে বলতে চাই—বাংলাদেশের মানুষের জীবন, সম্পদ ও ইজ্জতের পাহারাদার হবো ইনশাআল্লাহ। আমরা ক্ষমতার মালিক হতে চাই না, জনগণের সেবক হয়ে থাকতে চাই,” বলেন তিনি।
তিনি জানান, ইনসাফভিত্তিক সরকার প্রতিষ্ঠিত হলে জনপ্রতিনিধিদের প্রতি বছর নিজেদের এবং পরিবারের সদস্যদের সম্পদের বিবরণী জাতির সামনে প্রকাশ করতে বাধ্য করা হবে।
ফ্যামিলি কার্ড ও বিভিন্ন সামাজিক নিরাপত্তা কর্মসূচির সমালোচনা করে ডা. শফিকুর রহমান বলেন, “১০ টাকা কেজি দরে চালের প্রতিশ্রুতি দিয়ে মানুষের পেটে যে আগুন জ্বালানো হয়েছিল, তা এখনও নেভেনি। এখন আবার নতুন নতুন কার্ডের কথা বলা হচ্ছে। এসবই ভুয়া কার্ড। যেমন ১০ টাকার চাল ভুয়া ছিল, তেমনি এসব কার্ডও ভুয়া।”
তিনি বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি জনগণ ইনসাআল্লাহ এসব ভুয়া কার্ডকে লাল কার্ড দেখাবে।


