চট্টগ্রাম বন্দরের সঙ্গে বিদেশি কোম্পানির চুক্তি হচ্ছে না: নৌ উপদেষ্টা
চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) পরিচালনা নিয়ে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সঙ্গে কোনো বিদেশি কোম্পানির চুক্তি অন্তর্বর্তী সরকারের পক্ষে করে যাওয়া সম্ভব নয় বলে জানিয়েছেন নৌপরিবহন উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন।
রোববার রাজধানীতে এক অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
নৌ উপদেষ্টা জানান, এনসিটি পরিচালনা সংক্রান্ত বিষয়টি একটি গুরুত্বপূর্ণ ও দীর্ঘমেয়াদি সিদ্ধান্তের সঙ্গে জড়িত। এ ধরনের চুক্তি সম্পন্ন করতে বিস্তারিত আলোচনা ও দরকষাকষির প্রয়োজন হয়, যা অন্তর্বর্তী সরকারের সীমিত সময়ের মধ্যে করা বাস্তবসম্মত নয়।
তিনি বলেন, “নিউমুরিং কনটেইনার টার্মিনাল নিয়ে নেগোসিয়েশনে সময় লাগবে। অন্তর্বর্তী সরকার এ ধরনের চুক্তি করে যেতে পারছে না।”
চট্টগ্রাম কেন্দ্রিক চলমান আন্দোলন প্রসঙ্গে এম সাখাওয়াত হোসেন বলেন, চট্টগ্রাম ও আশপাশের এলাকার নির্বাচন প্রক্রিয়া বিঘ্নিত করতেই এই আন্দোলনের পেছনে উদ্দেশ্য থাকতে পারে। তবে তিনি আশ্বস্ত করেন, যেকোনো পরিস্থিতিতেই একটি স্বচ্ছ ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হবে।


