জাতীয় পার্টির দুই শতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান
বগুড়ার সারিয়াকান্দিতে জাতীয় পার্টির কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের নেতাকর্মীরা বিএনপিতে যোগ দিয়েছেন। জাতীয় পার্টির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, বগুড়া জেলা কমিটির সহসভাপতি এবং সারিয়াকান্দি উপজেলা জাতীয় পার্টির সভাপতি অধ্যক্ষ মোকছেদুল আলমের নেতৃত্বে প্রায় দুই শতাধিক নেতাকর্মী বিএনপিতে যোগ দেন।
শনিবার (৮ ফেব্রুয়ারি) রাতে সারিয়াকান্দি উপজেলার ফুলবাড়ি ইউনিয়নে অনুষ্ঠিত বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী কাজী রফিকুল ইসলামের নির্বাচনী পথসভায় আনুষ্ঠানিকভাবে তারা বিএনপিতে যোগদান করেন।
এ সময় অধ্যক্ষ মোকছেদুল আলম বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ঘোষিত ১৯ দফা এবং বিএনপি চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা কর্মসূচিতে অনুপ্রাণিত হয়ে তারা বিএনপিতে যোগ দিয়েছেন। তিনি বলেন, দেশের গণতন্ত্র পুনরুদ্ধারে বিএনপির হাতকে শক্তিশালী করতেই তাদের এই সিদ্ধান্ত।
ফুলবাড়ি ইউনিয়ন বিএনপির সভাপতি আতাউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত পথসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বগুড়া-১ (সারিয়াকান্দি-সোনাতলা) আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী কাজী রফিকুল ইসলাম। তিনি জাতীয় পার্টি থেকে আগত নেতাকর্মীদের ফুল দিয়ে বরণ করে নেন এবং বিএনপিকে আরও শক্তিশালী করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শ্যামল মাহমুদের সঞ্চালনায় সভায় আরও বক্তব্য দেন উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট নূর এ আজম বাবু, সোনাতলা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জিয়াউল ইসলাম লিপন, সারিয়াকান্দি উপজেলা বিএনপির সাবেক সভাপতি কাজী এরফানুর রহমান রেন্টু, সাধারণ সম্পাদক শাহজাত হোসেন পল্টন, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক তারাজুল ইসলাম ফনিসহ বিএনপি ও অঙ্গসংগঠনের অন্যান্য নেতারা।


