ভোটকেন্দ্রে মোবাইল নিষেধাজ্ঞার সিদ্ধান্তে তীব্র প্রতিক্রিয়া জামায়াত আমিরের

রাজনীতি
ভোটকেন্দ্রে মোবাইল নিষেধাজ্ঞার সিদ্ধান্তে তীব্র প্রতিক্রিয়া জামায়াত আমিরের
নিউজ ডেস্ক
৯ ফেব্রুয়ারি ২০২৬

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে ভোটকেন্দ্রের ৪০০ গজের মধ্যে মোবাইল ফোন বহনে নিষেধাজ্ঞা আরোপ করেছে নির্বাচন কমিশন (ইসি)। কমিশনের এই সিদ্ধান্তের বিরুদ্ধে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

সোমবার (৯ ফেব্রুয়ারি) বেলা সোয়া ১১টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এ সিদ্ধান্তকে ভোটাধিকারে সরাসরি হস্তক্ষেপ বলে মন্তব্য করেন।

ফেসবুক পোস্টে জামায়াত আমির বলেন, নির্বাচনের দিনটি হওয়া উচিত গণতন্ত্রের উৎসবের মতো। সেদিন ভোটাররা গর্বের সঙ্গে লাইনে দাঁড়াবে, ছবি তুলবে এবং স্বাধীনভাবে নিজের ভোটাধিকার উপভোগ করবে। এই স্বাভাবিক পরিবেশে কোনো ধরনের বাধা সৃষ্টি করা গ্রহণযোগ্য নয়।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

তিনি আরও লেখেন, কেউ যদি ভোটাধিকার খর্ব করার চেষ্টা করে বা নাগরিক স্বাধীনতায় হস্তক্ষেপ করতে চায়, তাহলে মনে রাখা উচিত—এই জাতি প্রস্তুত রয়েছে। বিশেষ করে তরুণ প্রজন্ম তাদের অধিকার রক্ষায় সব সময় সচেতন ও সক্রিয় থাকবে বলেও উল্লেখ করেন তিনি।

ভোটাধিকার রক্ষায় প্রয়োজনে আন্দোলনের হুঁশিয়ারি দিয়ে ডা. শফিকুর রহমান বলেন, এই অধিকার একবার সংগ্রামের মাধ্যমে অর্জিত হয়েছে। প্রয়োজনে আবারও লড়াই করেই তা রক্ষা করা হবে, ইনশাআল্লাহ।

তিনি আরও বলেন, দেশের মানুষ একটি স্বাধীন, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন প্রত্যাশা করে। রক্তের বিনিময়ে অর্জিত ভোটাধিকার প্রয়োগের ক্ষেত্রে মানুষ কোনো ভয় বা বাধা ছাড়াই নিজের পছন্দের প্রার্থীকে ভোট দিতে এবং প্রার্থী ও প্রতীক নিয়ে উৎসবমুখর পরিবেশে অংশ নিতে চায়।