নিশ্চিত পরাজয় জেনে টাকা দিয়ে ভোট কেনার চেষ্টা করছে জামায়াত: মাহদী আমিন

রাজনীতি
নিশ্চিত পরাজয় জেনে টাকা দিয়ে ভোট কেনার চেষ্টা করছে জামায়াত: মাহদী আমিন
নিউজ ডেস্ক
১০ ফেব্রুয়ারি ২০২৬

সুষ্ঠু, অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হলে ফলাফল যাই হোক না কেন, তা বিএনপি মেনে নেবে বলে জানিয়েছেন দলটির চেয়ারপারসনের রাজনৈতিক উপদেষ্টা ও নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র মাহাদী আমিন।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) রাজধানীর গুলশানে বিএনপির নির্বাচনী কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

নির্বাচন কমিশনে গত এক মাসে বিএনপির পক্ষ থেকে দাখিল করা অভিযোগগুলোর অগ্রগতি সম্পর্কে জানতে চাইলে মাহাদী আমিন বলেন, “অনেক অভিযোগের ক্ষেত্রে আমরা প্রতিকার পেয়েছি। তবে কিছু বিষয়ে বিলম্ব হয়েছে এবং কয়েকটি অভিযোগের এখনো কোনো সমাধান হয়নি। আমরা আশা করি, যেকোনো দলের অভিযোগের ক্ষেত্রেই নির্বাচন কমিশন দ্রুত তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে এবং তা সংশ্লিষ্টদের জানাবে।”

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

এ সময় তিনি অভিযোগ করেন, নিশ্চিত পরাজয়ের আশঙ্কা থেকে জামায়াতের নেতাকর্মীরা অর্থের বিনিময়ে ভোট কেনার চেষ্টা করছেন। মাহাদী আমিন বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্বাচনী প্রচারণায় সারা দেশে জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও মাঠপর্যায়ের বাস্তবতা প্রমাণ করে যে, জনসমর্থনের দিক থেকে বিএনপি এখন শীর্ষ অবস্থানে রয়েছে।

তিনি আরও বলেন, “দেশব্যাপী বিএনপির পক্ষে যে গণজোয়ার সৃষ্টি হয়েছে, তাতে একটি অবাধ ও নিরপেক্ষ নির্বাচন হলে বিএনপির নিরঙ্কুশ বিজয় অনিবার্য, ইনশাআল্লাহ। এই বাস্তবতা বুঝতে পেরেই একটি নির্দিষ্ট রাজনৈতিক দল অপপ্রচার, সহিংসতার ইঙ্গিত এবং ধর্মের অপব্যবহার করে ভোট আদায়ের চেষ্টা করছে। এমনকি জাল ভোটের প্রস্তুতিও নেওয়া হচ্ছে।”

মাহাদী আমিনের দাবি, এসব কর্মকাণ্ড সংশ্লিষ্ট দলগুলোর রাজনৈতিক দেউলিয়াত্বেরই প্রমাণ। তিনি বলেন, “যারা সততা ও দুর্নীতিবিরোধিতার কথা বলে রাজনীতি করে, তারাই যদি নির্বাচনের মাঠে টাকা দিয়ে ভোট কেনার চেষ্টা করে, তাহলে সেটি অত্যন্ত নিন্দনীয় ও লজ্জাজনক।”

সংবাদ সম্মেলনে তিনি একটি নির্দিষ্ট ঘটনার উল্লেখ করে বলেন, জামায়াতের আমির শফিকুর রহমানের ঢাকা-১৫ আসনে নির্বাচনী প্রচারণার সময় দলটির এক শীর্ষ আইনজীবী নেতার প্রকাশ্যে টাকা বিতরণের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। তরুণ ও সাধারণ ভোটারদের অর্থের মাধ্যমে প্রলুব্ধ করার এই ঘটনা নির্বাচনী আচরণবিধির গুরুতর লঙ্ঘন বলেও মন্তব্য করেন তিনি।

তিনি আরও বলেন, “নির্বাচনী আচরণবিধি-২০২৫-এর বিধি ২৭ অনুযায়ী ভোট কেনা একটি দণ্ডনীয় অপরাধ। আমরা এ বিষয়ে নির্বাচন কমিশন ও সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তার দৃষ্টি আকর্ষণ করছি এবং অবিলম্বে কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছি।”