১৭ বছর পর পাল্টানো রাজনৈতিক প্রেক্ষাপটে ভোটযুদ্ধ; অংশ নিচ্ছে ৫০ দল, প্রার্থী ২০২৮ জন

জাতীয়
১৭ বছর পর পাল্টানো রাজনৈতিক প্রেক্ষাপটে ভোটযুদ্ধ; অংশ নিচ্ছে ৫০ দল, প্রার্থী ২০২৮ জন
নিউজ ডেস্ক
১১ ফেব্রুয়ারি ২০২৬

ছাত্র-জনতার অভ্যুত্থানের পর বদলে যাওয়া রাজনৈতিক বাস্তবতায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত টানা ভোটগ্রহণ চলবে। জামায়াতে ইসলামীর প্রার্থী নুরুজ্জামান বাদলের মৃত্যুতে শেরপুর-৩ আসনের ভোট স্থগিত থাকায় ২৯৯ আসনে নির্বাচন অনুষ্ঠিত হবে।

রাজনৈতিক দলগুলোর ঐকমত্যে গৃহীত ‘জুলাই সনদ’-এ জনসমর্থন যাচাইয়ে এবার সংসদ নির্বাচনের দিনই গণভোটের আয়োজন করা হয়েছে—দেশের ইতিহাসে যা প্রথম। নির্বাচন কমিশন জানিয়েছে, সংসদ ও গণভোটের ফল একসঙ্গে গণনা করা হবে।

অংশ নিচ্ছে ৫০ দল, নেই আওয়ামী লীগ

নিবন্ধিত ৬০ দলের মধ্যে এবার ৫০টি দল নির্বাচনে অংশ নিচ্ছে। সরকারের নির্বাহী আদেশে কার্যক্রম নিষিদ্ধ ও পরে নিবন্ধন স্থগিত হওয়ায় আওয়ামী লীগ এবারের নির্বাচনে নেই। বিশ্লেষকদের একাংশের আশঙ্কা ছিল ভোটার উপস্থিতি কম হতে পারে। তবে ভোটের আগের দিন থেকেই রাজধানী থেকে গ্রামমুখী মানুষের ঢল নামায় অংশগ্রহণ বাড়ার ইঙ্গিত মিলছে। ইসি ও সরকারের কর্মকর্তারা ভোটার উপস্থিতি ৫৫ শতাংশের বেশি হতে পারে বলে আশা প্রকাশ করেছেন।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

প্রার্থী ও ভোটার সংখ্যা

২৯৯ আসনে মোট প্রার্থী ২ হাজার ২৮ জন। এর মধ্যে দলীয় প্রার্থী ১ হাজার ৭৫৫ জন, স্বতন্ত্র ২৭৩ জন; নারী প্রার্থী ৮৩ জন।
দেশে মোট ভোটার ১২ কোটি ৭৭ লাখ ১১ হাজার ৭৯৩ জন—পুরুষ ৬ কোটি ৪৮ লাখ ২৫ হাজার ৩৬১, নারী ৬ কোটি ২৮ লাখ ৮৫ হাজার ২০০ এবং তৃতীয় লিঙ্গের ভোটার ১ হাজার ২৩২ জন।
ভোটকেন্দ্র ৪২ হাজার ৭৭৯টি, বুথ ২ লাখ ৪৭ হাজার ৪৮২টি।

৪০ শতাংশের বেশি কেন্দ্র ঝুঁকিপূর্ণ

আইনশৃঙ্খলা বাহিনীর হিসাবে ৪২ হাজারের বেশি কেন্দ্রের মধ্যে ২১ হাজার ৫০৬টি কেন্দ্রকে ‘গুরুত্বপূর্ণ’ বা ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। ঢাকার দুই সিটি করপোরেশন এলাকার ১৫টি আসনে ঝুঁকিপূর্ণ কেন্দ্রের সংখ্যা বেশি। শুধু ঢাকা সিটিতেই ২ হাজার ১৩১ কেন্দ্রের মধ্যে ১ হাজার ৬১৪টিকে ঝুঁকিপূর্ণ বলা হয়েছে।

২০০৮ সালের পর প্রথমবারের মতো সশস্ত্র বাহিনী আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে নির্বাচনী দায়িত্বে যুক্ত হয়েছে। সারাদেশে এক লাখের বেশি সদস্য মোতায়েন থাকবেন। ঝুঁকিপূর্ণ কেন্দ্রে অতিরিক্ত পুলিশ, সিসিটিভি ও বডিওর্ন ক্যামেরা থাকবে।

পোস্টাল ব্যালট ও ফল প্রকাশ

প্রথমবার আইটি-সাপোর্টেড পোস্টাল ব্যালটে ভোট দিচ্ছেন ১৫ লাখ ৩৩ হাজার ৬৮৪ জন ভোটার। নির্ধারিত সময়ের মধ্যে সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে ব্যালট না পৌঁছলে তা গণনায় ধরা হবে না।

নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ জানিয়েছেন, ভোট শেষে কেন্দ্রে প্রকাশ্যে গণনা হবে এবং ধাপে ধাপে ফল ঘোষণা করা হবে। সংসদ ও গণভোটের ফল একত্রে প্রকাশ করা হবে।

সহিংসতা ও অভিযোগ

তপশিল ঘোষণার পর থেকে নির্বাচনী সহিংসতায় সরকারি হিসাবে পাঁচজন এবং বেসরকারি হিসাবে ১৭ জন নিহত হয়েছেন। নারী ও সংখ্যালঘু ভোটারদের ওপর চাপ প্রয়োগের অভিযোগও জমা পড়েছে ইসিতে। আচরণবিধি লঙ্ঘনের ৪৬১টি ঘটনা চিহ্নিত করে ২৫৯টি মামলায় ৩২ লাখ ১৫ হাজার ৯৫০ টাকা জরিমানা আদায় করা হয়েছে।

বিধিনিষেধ ও ছুটি

ভোট উপলক্ষে বুধবার নির্বাহী আদেশে এবং বৃহস্পতিবার নির্বাচন দিবসে সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। ৭২ ঘণ্টা মোটরসাইকেল চলাচল বন্ধ থাকবে; নির্দিষ্ট সময়ের জন্য পিকআপ, মাইক্রোবাস, ট্রাক ও লঞ্চ চলাচলেও নিষেধাজ্ঞা রয়েছে। ড্রোন উড্ডয়ন ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত নিষিদ্ধ করেছে বেবিচক।

এছাড়া কিছু আর্থিক সেবায় সাময়িক সীমাবদ্ধতা আরোপ করা হয়েছে। শিল্প-কারখানা বন্ধ এবং টানা ছুটির কারণে রাজধানী ছাড়ছেন বহু মানুষ।

পর্যবেক্ষক উপস্থিতি

নির্বাচন পর্যবেক্ষণে ৫০ হাজারের বেশি দেশীয় পর্যবেক্ষকের পাশাপাশি ২৩ দেশ ও সাতটি আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধি ঢাকায় অবস্থান করছেন। তারা ইতোমধ্যে সরকার, ইসি ও রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেছেন।

রাজনৈতিক পালাবদলের প্রেক্ষাপটে অনুষ্ঠিত এই নির্বাচন ও গণভোটকে ঘিরে দেশজুড়ে বাড়তি সতর্কতা, প্রত্যাশা ও উত্তেজনা বিরাজ করছে। এখন নজর ভোটগ্রহণ ও ফলাফলের দিকে।