‘ইসির ওপর আস্থা ফিরেছে, না হলে ভোটাররা আসতেন না’—সিইসি
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, নির্বাচন কমিশনের ওপর জনগণের আস্থা ফিরে এসেছে বলেই ভোটকেন্দ্রে ব্যাপক উপস্থিতি দেখা যাচ্ছে। তিনি বলেন, “ইসির ওপর আস্থা না থাকলে মানুষ ভোট দিতে আসত না। রাজনৈতিক দলগুলোও আস্থা রেখেছে—মুখে যা-ই বলুক না কেন।”
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) ঢাকা-৮ আসনের ইস্কাটন গার্ডেন উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোটাধিকার প্রয়োগ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
সিইসি দাবি করেন, দেশে ‘ঈদের মতো ভোটের আমেজ’ বিরাজ করছে এবং সারাদেশে শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ চলছে। “বিশ্বাসযোগ্য নির্বাচন দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলাম। আমরা কারও পক্ষে বা বিপক্ষে নই। পাতানো নির্বাচন বা কেন্দ্র দখলের সংস্কৃতি ভুলে যেতে হবে,” বলেন তিনি।
গণমাধ্যমের প্রতি আহ্বান জানিয়ে সিইসি বলেন, মূলধারার মিডিয়াকে দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো অপতথ্য সম্পর্কে সতর্ক করে তিনি বলেন, “অনেকে ভিন্ন উদ্দেশ্যে ভুল তথ্য ছড়ায়, যা মুহূর্তেই হাজারো শেয়ার হয়। শেয়ার করার আগে সত্যতা যাচাই জরুরি।”
নারী ভোটারদের অংশগ্রহণে সন্তোষ প্রকাশ করে তিনি জানান, বিভিন্ন এলাকায় বিশেষ করে পঞ্চগড়ে সকাল থেকেই নারী ভোটারদের দীর্ঘ সারি দেখা গেছে। “ইয়াং জেনারেশন ও নারীরা এখন বড় শক্তিতে পরিণত হয়েছে,” মন্তব্য করেন তিনি।
এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ও এআই-জেনারেটেড কনটেন্টকে বড় চ্যালেঞ্জ হিসেবে উল্লেখ করে সিইসি বলেন, “এআই আমাদের জন্য এক নম্বর থ্রেট। অনেক প্রস্তুতি নেওয়া হলেও পুরোপুরি মোকাবিলা করা কঠিন।” তিনি দাবি করেন, দেশের বাইরে থেকেও অপপ্রচার চালানো হচ্ছে, যার ওপর স্থানীয়ভাবে নিয়ন্ত্রণ সীমিত। তবে সত্য তথ্য প্রচারের মাধ্যমে অপতথ্য মোকাবিলার কৌশল নেওয়া হয়েছে বলে জানান তিনি।


