ক্ষমতায় গেলে দিল্লির সঙ্গে সুসম্পর্ক জোরদারের আশ্বাস

নির্বাচনের পর ভারত সফরে আগ্রহী জামায়াত আমির

রাজনীতি
নির্বাচনের পর ভারত সফরে আগ্রহী জামায়াত আমির
নিউজ ডেস্ক
১২ ফেব্রুয়ারি ২০২৬

ক্ষমতায় এলে ভারতের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখাকে ‘অগ্রাধিকার’ দেওয়া হবে বলে জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। একই সঙ্গে নয়াদিল্লি সফরের ব্যাপারেও আগ্রহ প্রকাশ করেছেন তিনি।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে ডা. শফিকুর রহমান বলেন, “ভারত আমাদের নিকটতম প্রতিবেশী। আমরা ভারতের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে চাই এবং এটাকে আমরা অগ্রাধিকার দিচ্ছি।”

ভারত সফরের বিষয়ে তিনি বলেন, “ভারতে সফরের ব্যাপারে আমার কোনো দ্বিধা বা বাধা নেই। নির্বাচন শেষ হোক, তারপর আমি এ ব্যাপারে সিদ্ধান্ত নেব।”

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

সংখ্যালঘু ইস্যু নিয়ে এক প্রশ্নের জবাবে জামায়াতের আমির বলেন, “বাংলাদেশের প্রত্যেক নাগরিকের মর্যাদা সমান। প্রত্যেকেই প্রথম শ্রেণির নাগরিক। আমরা কখনো শুধু ধর্মবিশ্বাসজনিত কারণে সংখ্যাগুরু কিংবা সংখ্যালঘু ধারণাকে প্রশ্রয় দিই না।”

ছাত্র-জনতার অভ্যুত্থানে ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ১৬ মাস অতিক্রান্ত হওয়ার পর দেশে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এবারের নির্বাচনে জামায়াত জোটবদ্ধভাবে প্রতিদ্বন্দ্বিতা করছে। জামায়াতের নেতৃত্বাধীন নির্বাচনী জোটের গুরুত্বপূর্ণ অংশীদার জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

নির্বাচনকে কেন্দ্র করে সারাদেশে নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে। সরকারি কর্মকর্তারা জানিয়েছেন, ভোটগ্রহণ নিরাপদ রাখতে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হয়েছে।

উল্লেখ্য, জামায়াতের বিরুদ্ধে অতীতে সাম্প্রদায়িক বিদ্বেষ ছড়ানো ও সহিংসতায় অংশ নেওয়ার অভিযোগ রয়েছে। তবে এসব অভিযোগের বিষয়ে দলটির পক্ষ থেকে সমঅধিকার ও অসাম্প্রদায়িক অবস্থানের কথা পুনর্ব্যক্ত করা হয়েছে।