হারলেও দেশ ছাড়ছেন না তাসনিম জারা, বললেন ‘সেরা সময় সামনে’

রাজনীতি
হারলেও দেশ ছাড়ছেন না তাসনিম জারা, বললেন ‘সেরা সময় সামনে’
নিউজ ডেস্ক
১৩ ফেব্রুয়ারি ২০২৬

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পরাজিত হলেও দেশ ছেড়ে কোথাও যাচ্ছেন না বলে জানিয়েছেন একসময় যুক্তরাজ্যে পড়াশোনা করা তাসনিম জারা। তিনি বলেছেন, “আমার শেকড় এই মাটিতে, আমার কাজও এখানে। আমাদের সেরা সময় এখনো সামনে।”

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত নির্বাচনে ঢাকা-৯ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন তাসনিম। তিনি পেয়েছেন ৪৪ হাজার ৬৮৪ ভোট। ওই আসনে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী হাবিবুর রশিদ হাবিব, যিনি ধানের শীষ প্রতীকে ১ লাখ ১১ হাজার ২১২ ভোট পান।

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) ফেসবুক পোস্টে তাসনিম জারা বলেন, “জাতীয় নির্বাচনে বিজয়ী হওয়ার জন্য আমি বিএনপিকে অভিনন্দন জানাই। ঢাকা-৯ আসনে বিজয়ী প্রার্থী হাবিবুর রশিদ হাবিবকেও অভিনন্দন। গতকাল রাতেই আমি তাকে ফোন করে ব্যক্তিগতভাবে শুভকামনা জানিয়েছি।”

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

তিনি আরও বলেন, জনগণের স্বার্থে গঠনমূলক ভূমিকা রাখবেন তারা। জনকল্যাণমূলক উদ্যোগে সমর্থন থাকবে, তবে মানুষের জন্য ক্ষতিকর সিদ্ধান্তের বিরুদ্ধে সোচ্চার থাকবেন।

নিজের নির্বাচনি প্রচারে নারীদের ব্যাপক অংশগ্রহণকে বড় অর্জন হিসেবে দেখছেন তাসনিম। তিনি বলেন, “সিদ্ধান্ত গ্রহণের টেবিলে নারীরা থাকলে আলোচনার মান বদলে যায়। যে কিশোরী বা তরুণীরা এই প্রচারণা আগ্রহ নিয়ে দেখেছো—স্বপ্ন দেখতে ভয় পেয়ো না। ক্ষমতার কেন্দ্রে তোমারও অধিকার আছে।”

নির্বাচন শেষে যুক্তরাজ্যে ফিরে যাওয়ার গুঞ্জন প্রসঙ্গে তিনি স্পষ্ট করে বলেন, “আমি কোথাও যাচ্ছি না। একটিমাত্র নির্বাচনের জন্য আমরা এই পথচলা শুরু করিনি। আমাদের লক্ষ্য রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন।”

তাসনিম আরও বলেন, পরিচ্ছন্ন রাজনীতি টিকিয়ে রাখতে শক্তিশালী সংগঠন দরকার। নির্বাচনের দিন প্রতিটি বুথে সাহসী পোলিং এজেন্ট ও সচেতন নাগরিক উপস্থিতি নিশ্চিত করার ওপরও জোর দেন তিনি।

ফেসবুক পোস্টে তিনি অধ্যাপক মুহাম্মদ ইউনূস ও সংশ্লিষ্ট টিম এবং নির্বাচন কমিশনকে ধন্যবাদ জানান। জটিল সময়ে একটি গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনকে তিনি গুরুত্বপূর্ণ দায়িত্ব হিসেবে উল্লেখ করেন।

৪৪ হাজারের বেশি ভোট পাওয়াকে ভবিষ্যতের জন্য শক্ত ভিত্তি হিসেবে উল্লেখ করে তাসনিম বলেন, “আমরা প্রমাণ করেছি মানুষ ক্লিন পলিটিক্স চান। আমরা পুরোনো রাজনৈতিক ছক ভাঙতে শুরু করেছি। ঢাকা-৯ ও বাংলাদেশকে নতুন করে গড়ে তোলার কাজ চলবে।”