‘জাতীয় ঐক্য আমাদের শক্তি’— বিজয়ের পর ঐক্যের ডাক তারেক রহমানের
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জনের পর সংবাদ সম্মেলনে জাতীয় ঐক্যের আহ্বান জানিয়েছেন তারেক রহমান।
শনিবার (১৪ ফেব্রুয়ারি) বেলা সাড়ে তিনটার পর রাজধানীর ইন্টারকন্টিনেন্টালের বলরুমে আয়োজিত নির্বাচন-পরবর্তী সংবাদ সম্মেলনে তিনি বলেন, “জাতীয় ঐক্য আমাদের শক্তি, বিভাজন আমাদের দুর্বলতা। এবার দেশ গড়ার পালা—সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।”
বিএনপি চেয়ারম্যান বলেন, জনগণ বিপুল সমর্থনের মাধ্যমে দলকে দায়িত্ব দিয়েছে। সেই আস্থার প্রতিদান দিতে দল ও নেতাকর্মীদের দায়িত্বশীল আচরণ করতে হবে। বিজয় উদযাপনে শান্ত ও সংযত থাকার জন্য নেতাকর্মীদের ধন্যবাদ জানিয়ে তিনি ভবিষ্যতেও সতর্ক ও সংযমী থাকার আহ্বান জানান।
তিনি আরও বলেন, দেশ গড়তে হলে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। ভিন্নমত থাকতে পারে, তবে জাতীয় স্বার্থে ঐক্য অটুট রাখা জরুরি।
সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনের জন্য অন্তর্বর্তী সরকার ও নির্বাচন কমিশনকে ধন্যবাদ জানান তারেক রহমান। পাশাপাশি জনগণের প্রত্যাশা পূরণে নতুন সরকার ইতিবাচক ও গঠনমূলক পদক্ষেপ নেবে বলে আশা প্রকাশ করেন।
ঘোষিত ফলাফল অনুযায়ী ২৯৭টি আসনের মধ্যে বিএনপি জয় পেয়েছে ২০৯টিতে। ফল ঘোষণা স্থগিত থাকা দুটি আসনেও দলীয় প্রার্থীরা এগিয়ে রয়েছেন। এছাড়া শরিক দলগুলো আরও তিনটি আসনে জয়লাভ করেছে।
বক্তব্য শেষে বিভিন্ন বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেন তিনি।


