‘দেশের স্বার্থই অগ্রাধিকার’: চীন-ভারত-পাকিস্তান নীতিতে ভারসাম্যের বার্তা তারেক রহমানের

রাজনীতি
‘দেশের স্বার্থই অগ্রাধিকার’: চীন-ভারত-পাকিস্তান নীতিতে ভারসাম্যের বার্তা তারেক রহমানের
নিউজ ডেস্ক
১৪ ফেব্রুয়ারি ২০২৬

চীন, ভারত ও পাকিস্তান—সবার সঙ্গে বাংলাদেশের স্বার্থ রক্ষা করেই পররাষ্ট্রনীতি নির্ধারণ করা হবে বলে জানিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।

শনিবার (১৪ ফেব্রুয়ারি) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে আয়োজিত নির্বাচন-পরবর্তী সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, “বাংলাদেশ এবং এ দেশের মানুষের বৃহত্তর স্বার্থকে রক্ষা করে আমরা আমাদের পররাষ্ট্রনীতি নির্ধারণ করবো।”

বাংলাদেশ-ভারত সম্পর্ক কেমন হবে—এ প্রশ্নের জবাবে তিনি বলেন, দ্বিপক্ষীয় সম্পর্কের ক্ষেত্রে জাতীয় স্বার্থই হবে মূল বিবেচ্য বিষয়। পারস্পরিক স্বার্থ ও আঞ্চলিক স্থিতিশীলতার ভিত্তিতে সম্পর্ক এগিয়ে নেওয়ার কথা জানান তিনি।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

চীনের সঙ্গে ভবিষ্যৎ সম্পর্ক ওবেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ (বিআরআই) প্রসঙ্গে তারেক রহমান বলেন, “যদি তা বাংলাদেশের উপকারে আসে এবং অর্থনীতির সহায়ক হয়, তখন আমরা সিদ্ধান্ত নেবো।”

তিনি আরও বলেন, কোনো উদ্যোগ যদি দেশের স্বার্থবিরোধী হয়, তা গ্রহণ করা হবে না। সিদ্ধান্ত গ্রহণে তরুণসহ সমাজের বিভিন্ন শ্রেণির মতামত নেওয়ার কথাও উল্লেখ করেন তিনি।

দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা সার্ক প্রসঙ্গে বিএনপি চেয়ারম্যান বলেন, “সার্ক প্রতিষ্ঠা বাংলাদেশের উদ্যোগেই হয়েছিল। আমরা চাই এটি সচল হোক।”
বন্ধুরাষ্ট্রগুলোর সঙ্গে আলোচনা করে সার্ককে পুনরুজ্জীবিত করার চেষ্টা থাকবে বলেও জানান তিনি।

সরকারপ্রধান হিসেবে দায়িত্ব নিলে কী চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে—এ প্রশ্নে তিনি বলেন, ভঙ্গুর অর্থনীতি, আইনশৃঙ্খলা পরিস্থিতি ও প্রাতিষ্ঠানিক দুর্বলতা বড় চ্যালেঞ্জ। “আমাদের অবশ্যই জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। বিগত সরকার প্রায় সব প্রতিষ্ঠানকে রাজনীতিকরণ করেছে, সুতরাং সুশাসন নিশ্চিত করা জরুরি,” বলেন তিনি।

নিম্নমুখী বিনিয়োগ ও মূল্যস্ফীতি মোকাবিলায় নতুন বিনিয়োগ আনা ও কর্মসংস্থান সৃষ্টির পরিকল্পনার কথা জানান তারেক রহমান।

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারতের কাছ থেকে প্রত্যর্পণ চাওয়া হবে কিনা—এ প্রশ্নে তিনি বলেন, বিষয়টি আইনি প্রক্রিয়ার ওপর নির্ভর করবে।

সব মিলিয়ে, সম্ভাব্য নতুন সরকারের পররাষ্ট্রনীতিতে ভারসাম্য, জাতীয় স্বার্থ ও আঞ্চলিক সহযোগিতাকে অগ্রাধিকার দেওয়ার ইঙ্গিত দিয়েছেন বিএনপি চেয়ারম্যান।