শেয়ারবাজারে ২০ মিনিটে ২২৬ কোটি টাকা লেনদেন

শেয়ারবাজারে ২০ মিনিটে ২২৬ কোটি টাকা লেনদেন
নিউজ ডেস্ক
১৫ ফেব্রুয়ারি ২০২৬

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন শেষে প্রথম কার্যদিবসেই দেশের পুঁজিবাজারে ইতিবাচক প্রবণতা দেখা গেছে। রোববার সকাল ১০টায় লেনদেন শুরু হওয়ার পর প্রথম ২০ মিনিটেই বড় উত্থান দেখা যায় ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)-এ।

বাজার সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সকাল ১০টা ২০ মিনিট পর্যন্ত ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স বেড়েছে ১১০ পয়েন্টের বেশি। এ সময়ের মধ্যে লেনদেনের পরিমাণ দাঁড়ায় প্রায় ২২৫ কোটি ৮৪ লাখ টাকা, যা সাম্প্রতিক সময়ের তুলনায় উল্লেখযোগ্যভাবে বেশি। গত কয়েক সপ্তাহে যেখানে পুরো সাড়ে চার ঘণ্টার লেনদেনও ২০০ কোটির আশপাশে সীমাবদ্ধ ছিল, সেখানে মাত্র ২০ মিনিটেই এ পরিমাণ লেনদেন বাজারে নতুন গতি সঞ্চার করেছে।

লেনদেনের শুরু থেকেই অধিকাংশ শেয়ারের দর ঊর্ধ্বমুখী ছিল। ১০টা ২০ মিনিট পর্যন্ত লেনদেনে অংশ নেওয়া ৩৮০টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ড ইউনিটের মধ্যে ৩৫২টির দাম বেড়েছে, কমেছে ১৫টির এবং অপরিবর্তিত রয়েছে ১৩টির দর।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

এ সময় ডিএসইএক্স সূচক ১১১ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৫১১ পয়েন্টে পৌঁছায়। অপরদিকে ডিএসইএস সূচক ১৬ পয়েন্ট বেড়ে দাঁড়ায় ১ হাজার ১১৩ পয়েন্টে। আর বাছাইকৃত ৩০ কোম্পানি নিয়ে গঠিত ডিএস৩০ সূচক ৩৯ পয়েন্ট বেড়ে ২ হাজার ৯৮ পয়েন্টে অবস্থান করে।

উল্লেখ্য, জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে টানা চার দিন বন্ধ থাকার পর রোববার পুঁজিবাজারে লেনদেন পুনরায় শুরু হয়। বাজার বিশ্লেষকরা মনে করছেন, নির্বাচন-পরবর্তী রাজনৈতিক স্থিতিশীলতার প্রত্যাশা বিনিয়োগকারীদের আস্থায় ইতিবাচক প্রভাব ফেলেছে, যার প্রতিফলন দেখা যাচ্ছে সূচক ও লেনদেনে।