নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ পড়াতে সিইসিকে চিঠি

জাতীয়
নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ পড়াতে সিইসিকে চিঠি
নিউজ ডেস্ক
১৬ ফেব্রুয়ারি ২০২৬

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী নবনির্বাচিত সংসদ সদস্যরা মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) শপথ নেবেন। সকাল ১০টায় জাতীয় সংসদ ভবনের শপথ কক্ষে তাদের শপথ পাঠ করাবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।

সোমবার (১৬ ফেব্রুয়ারি) এ তথ্য জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ জানান, নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ পড়ানোর জন্য জাতীয় সংসদ সচিবালয় থেকে সিইসির কাছে চিঠি পাঠানো হয়েছে এবং তা কমিশন পেয়েছে।

জাতীয় সংসদ সচিবালয়ের সচিব কানিজ মওলা বলেন, সকাল ১০টায় জাতীয় সংসদ ভবনের শপথ কক্ষে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। প্রথমে বিএনপি জোটের, এরপর জামায়াত জোটের এবং পরে স্বতন্ত্র সদস্যদের শপথ পড়ানো হবে।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

নির্বাচন কমিশনের বেসরকারি ফল অনুযায়ী, ২৯৭টি আসনের মধ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এককভাবে ২০৯টি আসনে জয়ী হয়ে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে। বাংলাদেশ জামায়াতে ইসলামী পেয়েছে ৬৮টি আসন। জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ছয়টি, বাংলাদেশ খেলাফত মজলিস দুটি এবং খেলাফত মজলিস একটি আসনে জয় পেয়েছে।

এ ছাড়া ইসলামী আন্দোলন বাংলাদেশ, গণঅধিকার পরিষদ, বাংলাদেশ জাতীয় পার্টি, গণসংহতি আন্দোলন এবং খেলাফত মজলিস—প্রতিটি দল একটি করে আসনে জয়ী হয়েছে। সাতটি আসনে বিজয়ী হয়েছেন স্বতন্ত্র প্রার্থীরা।