বিএনপির মন্ত্রিসভা তালিকা ‘সিক্রেট ফাইল’, চূড়ান্ত জানেন শুধু তারেক রহমান
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয় অর্জনের পর সরকার গঠনের প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। নির্বাচন কমিশনের ঘোষিত ফল অনুযায়ী দলটি ২০৯টি আসনে জয় পেয়েছে। ফলে দলের চেয়ারম্যান তারেক রহমান–এর নেতৃত্বে দীর্ঘ দুই দশক পর সরকার গঠনের পথে দলটি।
নতুন সরকারের মন্ত্রিসভায় কারা স্থান পাচ্ছেন— তা নিয়ে রাজনৈতিক অঙ্গন ও সামাজিক মাধ্যমে চলছে জোর আলোচনা। বিভিন্ন গণমাধ্যম ও অনলাইন প্ল্যাটফর্মে সম্ভাব্য মন্ত্রীদের নাম উল্লেখ করে একাধিক তালিকাও প্রকাশিত হয়েছে। তবে রোববার বিএনপির নির্ভরযোগ্য একাধিক সূত্র জানিয়েছে, এসব তালিকার অধিকাংশই অনুমাননির্ভর।
সূত্রগুলোর দাবি, মন্ত্রিসভা গঠন নিয়ে দলের স্থায়ী কমিটির অধিকাংশ সদস্যের সঙ্গে আনুষ্ঠানিক কোনো আলোচনা হয়নি। দু-একজন সিনিয়র নেতার সঙ্গে পরামর্শ হলেও তারা চূড়ান্ত সিদ্ধান্তের দায়িত্ব চেয়ারম্যানের ওপরই ছেড়ে দিয়েছেন। ফলে সম্ভাব্য মন্ত্রীদের তালিকা অত্যন্ত গোপনীয়তার সঙ্গে চূড়ান্ত করছেন তারেক রহমান। দলের নীতিনির্ধারকদের ভাষায়, এটি চেয়ারম্যানের একটি গুরুত্বপূর্ণ ‘সিক্রেট ফাইল’।
দলীয় সূত্র জানায়, নির্বাচিত সংসদ সদস্যদের অনেকেই মন্ত্রী হওয়ার আগ্রহ প্রকাশ করছেন। কেউ নিজেকে যোগ্য দাবি করছেন, কেউ বা বিভিন্ন মাধ্যমে তদবির-লবিংয়ে সক্রিয়। তবে সরাসরি চেয়ারম্যানের কাছে বিষয়টি তোলার সুযোগ বা সাহস কারও নেই। অধিকাংশই সিনিয়র নেতাদের মাধ্যমে নিজের রাজনৈতিক অবদান, আন্দোলন-সংগ্রামে ভূমিকা ও জেল-জুলুম সহ্য করার অভিজ্ঞতার কথা তুলে ধরছেন।
এ বিষয়ে জানতে চাইলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সিরাজগঞ্জ-২ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, “মন্ত্রিসভায় কারা আসছেন— এ বিষয়ে আমার জানা নেই। আমাকে এখনো ফোন দেওয়া হয়নি। ফোন দিলে জানাতে পারব।”
তিনি আরও বলেন, সংবাদমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে যে তালিকাগুলো ঘুরছে, সেগুলো মূলত অনুমানভিত্তিক।
দলীয় পর্যবেক্ষকদের মতে, আনুষ্ঠানিক ঘোষণা না আসা পর্যন্ত সম্ভাব্য মন্ত্রীদের বিষয়ে নিশ্চিত কোনো তথ্য জানা সম্ভব নয়।


