প্রধানমন্ত্রীর চলাচলে যেন জনদুর্ভোগ না হয়, আইজিপিকে কঠোর নির্দেশ তারেক রহমানের

জাতীয়
প্রধানমন্ত্রীর চলাচলে যেন জনদুর্ভোগ না হয়, আইজিপিকে কঠোর নির্দেশ তারেক রহমানের
নিউজ ডেস্ক
১৮ ফেব্রুয়ারি ২০২৬

নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমান তার চলাচলের সময় সাধারণ মানুষের যাতায়াতে যেন কোনো দুর্ভোগ না হয়—সে বিষয়ে পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম-কে কঠোর নির্দেশনা দিয়েছেন।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) আইজিপি নিজেই গণমাধ্যমকে এ তথ্য জানান। তিনি বলেন, “মাননীয় প্রধানমন্ত্রী স্পষ্টভাবে জানিয়েছেন, তার চলাচলের কারণে যেন জনগণের কোনো ভোগান্তি না হয়। ট্রাফিক ব্যবস্থা স্বাভাবিক রাখতে হবে।”

নতুন সরকারের প্রথম কর্মদিবসে রাজধানীজুড়ে ট্রাফিক পুলিশের তৎপরতা লক্ষ্য করা গেছে। ঢাকার বিভিন্ন ব্যস্ত মোড়ে বাড়তি সতর্কতার সঙ্গে দায়িত্ব পালন করতে দেখা যায় ট্রাফিক সদস্যদের।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

এদিকে মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর বুধবার তিনি জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। পরে রাজধানীর জিয়া উদ্যানে গিয়ে বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও মা সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানান।

শ্রদ্ধা নিবেদন শেষে গন্তব্যে যাওয়ার সময় প্রধানমন্ত্রীর গাড়িবহর সাধারণ যানবাহনের মতোই সড়কে চলাচল করে। একপর্যায়ে ট্রাফিক সিগন্যালে নিয়ম অনুযায়ী গাড়ি থেমে আবার যাত্রা শুরু করে—যা উপস্থিত অনেকের দৃষ্টি আকর্ষণ করে।