প্রশাসনের লোকেরা বলেছিল ‘মুখ বন্ধ করো, জিতিয়ে দেবো’, কিন্তু আপস করিনি

রাজনীতি
প্রশাসনের লোকেরা বলেছিল ‘মুখ বন্ধ করো, জিতিয়ে দেবো’, কিন্তু আপস করিনি
নিউজ ডেস্ক
১৯ ফেব্রুয়ারি ২০২৬

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–এর মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, “আমাদের মেরে ফেললে মেরে ফেলুক। আমরা অন্যায়ের বিরুদ্ধে কথা বলে যাবো। আমরা মুখ বন্ধ করবো না।”

সদ্য সমাপ্ত জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনের প্রার্থী হিসেবে অংশ নেওয়া পাটওয়ারী দাবি করেন, নির্বাচনের সময় তাকে বিভিন্নভাবে আপসের প্রস্তাব দেওয়া হয়েছিল।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) রাতে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদ–এ তারাবির নামাজ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, “নির্বাচনের সময় আমার কাছে অনেক ক্রিমিনাল এসেছে, বলেছে—আমাদের সঙ্গে ডিল করো। অনেক ব্যবসায়ী এসেছে একই প্রস্তাব নিয়ে। প্রশাসনের লোকজনও বলেছে—তুমি মুখ বন্ধ করো, আমরা তোমাকে জিতিয়ে দেবো। কিন্তু আমি কারও সঙ্গে আপস করিনি।”

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের প্রার্থী হিসেবে ‘শাপলা কলি’ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করেন। ওই আসনে তিনি মির্জা আব্বাস–এর কাছে পরাজিত হন। নির্বাচনি প্রচারণায় বিভিন্ন মন্তব্যের কারণে তিনি আলোচনায়ও আসেন।

সাংবাদিকদের উদ্দেশে পাটওয়ারী বলেন, “আপনারা চাঁদাবাজদের বিরুদ্ধে ভ্যানগার্ড হয়ে যান। যারা সন্ত্রাস, দুর্নীতি ও চাঁদাবাজি করে, রমজানে আমরা তাদের কাছে হেদায়েতের দাওয়াত পৌঁছে দেবো।”

তিনি আরও বলেন, ভবিষ্যতে যদি কেউ ঢাকা-৮ আসনে ভোট চুরির চেষ্টা করে, সে যেই হোক না কেন, তার বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়া হবে। “এটা ওসমান হাদির আসন, আমরা তার স্বপ্নের ইনসাফভিত্তিক বাংলাদেশ গড়তে কাজ করে যাবো,” বলেন তিনি।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে প্রার্থী হবেন কি না—এমন প্রশ্নের জবাবে পাটওয়ারী বলেন, “নির্বাচন আমাদের মূল টার্গেট না। আমাদের টার্গেট সিস্টেম পরিবর্তন। আমরা সেই লক্ষ্যেই কাজ করে যাবো।”