ঠাকুরগাঁও-১–এ অভিযোগ জানাতে ওয়েবসাইট চালু করলেন মির্জা ফখরুল
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঠাকুরগাঁও-১ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য ও মির্জা ফখরুল ইসলাম আলমগীর নিজ এলাকায় চাঁদাবাজি, দখলবাজি ও বিভিন্ন অনিয়মের অভিযোগ গ্রহণে একটি ওয়েবসাইট চালু করেছেন। (alamgirfortomorrow.com) নামে এ প্ল্যাটফর্মের মাধ্যমে সরাসরি তার কাছে অভিযোগ জানানো যাবে বলে জানিয়েছেন তিনি।
বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক পোস্টে এ তথ্য জানান বিএনপি মহাসচিব।
ফেসবুক পোস্টে মির্জা ফখরুল লিখেছেন, ঠাকুরগাঁও-১ আসনের যে কোনো এলাকায় চাঁদাবাজি, দখলবাজি, অন্যায়/অপরাধ বা অন্যান্য সমস্যা থাকলে তা সরাসরি তার ওয়েবসাইটের মাধ্যমে জানাতে।
তিনি জানান, “৭ জানুয়ারি ওয়েবসাইট উদ্বোধনের পর থেকে আমরা ইতোমধ্যে অনেক মেসেজ পেয়েছি। আমার টিম সেগুলো কম্পাইল করছে। শিগগিরই রেসপন্ড করব।”
উল্লেখ্য, ত্রয়োদশ সংসদ নির্বাচনে দুই-তৃতীয়াংশ আসনে জয়ী হয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) নতুন সরকার গঠন করেছে। দলটির চেয়ারম্যান তারেক রহমান প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন।
নতুন মন্ত্রিসভায় মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন।


