বিএনপির নেতা ও প্রতিষ্ঠাতাদের মাগফেরাত ও সুস্থতার জন্য দোয়া মাহফিল
বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার রূহের মাগফেরাত এবং বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর পরিপূর্ণ সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২২ ফেব্রুয়ারি) বাদ জোহর বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে সাবেক ও বর্তমান ছাত্রদল নেতৃবৃন্দের উদ্যোগে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
মাহফিলের সভাপতিত্ব করেন বিএনপির সদস্য সংগ্রহ ও নবায়ন কমিটির সদস্য এবং ছাত্রদলের সহসভাপতি ডা. তৌহিদুর রহমান আউয়াল। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ, কার্ডিওলজি বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ডা. শফিউদ্দিন আহমেদ, ইউরোলজি বিভাগের অধ্যাপক ডা. সাইফুল ইসলাম সেলিম, কার্ডিওলজি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. লোহানী মো. তাজুল ইসলাম, এবং অন্যান্য চিকিৎসক ও ছাত্রদল নেতৃবৃন্দ।
ডা. আউয়াল বলেন, বেগম খালেদা জিয়াকে মুক্ত করার জন্য রুহুল কবির রিজভী সর্বদা প্রতিজ্ঞাবদ্ধ ছিলেন। নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে ৭৮৭ দিন বন্দি থাকার পরও তিনি আপোস করেননি। বেগম খালেদা জিয়া মুক্ত হওয়ার পরেই বাসায় ফিরে যান। সর্বোচ্চ নেতার প্রতি তার শ্রদ্ধা ও নিষ্ঠা অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে।
তিনি আরও বলেন, গণতন্ত্রের জন্য কাজ করতে গিয়ে নিজের স্বাস্থ্য ঠিকমতো দেখাশোনা করতে পারেননি। ১৯৮৪ সালের ২২ ডিসেম্বর স্বৈরাচার এরশাদের গুলিবর্ষণেও আপোস করেননি। বিএনপিকে নির্বাচনে বিজয়ী করার জন্য পরিশ্রম করার সময় গত ১০ ফেব্রুয়ারি ভাইরাল নিউমোনিয়ায় আক্রান্ত হন।
মাহফিলে উপস্থিত সবাই কায়মনোবাক্যে রুহুল কবির রিজভীর সুস্থতা এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার রূহের মাগফেরাত কামনা করে দোয়া করেছেন।


