মন্ত্রিত্ব পেলেন বিএনপির গুলশান কার্যালয় বাড়ির মালিক

রাজনীতি
মন্ত্রিত্ব পেলেন বিএনপির গুলশান কার্যালয় বাড়ির মালিক
নিউজ ডেস্ক
২৫ ফেব্রুয়ারি ২০২৬

বিএনপির গুলশান কার্যালয় দলের নীতি নির্ধারণ ও রাজনৈতিক কর্মকাণ্ডের মূল কেন্দ্র। ২০০৮ সাল থেকে দেশের রাজনীতির নানান উত্থান-পতনের সাক্ষী এই বাড়িটি। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া দীর্ঘ সময় বন্দী অবস্থায় ছিলেন এখানে, এবং পুলিশের তত্ত্বাবধানে দিনরাতকার পাহারায় ছিল।

অনেকের ধারণা এই বাড়িটি বিএনপির। তবে উইকিপিডিয়ার তথ্য অনুযায়ী, এটি মূলত নতুন মন্ত্রিসভার গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী জাকারিয়া তাহের–এর। ২০০৮ সালে বিএনপির চেয়ারপারসনের কার্যালয় হিসেবে ব্যবহারের জন্য তিনি বাড়িটি দেন। এরপরও আওয়ামী লীগ সরকারের সময়ে বাড়ি থেকে দলের কার্যক্রম সরানো হয়নি।

জাকারিয়া তাহের কুমিল্লা-৮ আসন থেকে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দী জামায়াতে ইসলামীর প্রার্থী শফিকুল আলম হেলাল–এর তুলনায় প্রায় চারগুণ বেশি ভোট পেয়েছেন। এছাড়া আসনের সব কেন্দ্রে জয়ী হয়ে ভিন্ন দৃষ্টান্ত স্থাপন করেছেন।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

হলফনামা অনুযায়ী, জাকারিয়া তাহেরের স্থাবর ও অস্থাবর সম্পদের মূল্য প্রায় ২৩১ কোটি ৪১ লাখ ৪৬ হাজার ৯৭১ টাকা। তিনি কুমিল্লার বরুড়া উপজেলার আদ্রা ইউনিয়নের সোনাইমুড়ী গ্রামে জন্মগ্রহণ করেন (১৯৬৫)। যুক্তরাষ্ট্র থেকে বিজনেস ম্যানেজমেন্টে বিএসসি সম্পন্ন করেছেন।

তার বাবা প্রয়াত এ কে এম আবু তাহের কুমিল্লা-৮ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য ছিলেন। এছাড়া তিনি ন্যাশনাল ব্যাংক লিমিটেডের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান ছিলেন। জাকারিয়া তাহেরও ন্যাশনাল ব্যাংকের একজন পরিচালক।

জাকারিয়া তাহের কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সভাপতি ছিলেন এবং পরবর্তীকালে জাতীয় নির্বাহী কমিটির কর্মসংস্থান বিষয়ক সম্পাদক ছিলেন। রাজনৈতিক কর্মকাণ্ড ছাড়াও তিনি স্থানীয় সামাজিক ও স্বেচ্ছাসেবী কার্যক্রমে সক্রিয়, যা কুমিল্লার বরুড়ার মানুষের মধ্যে তাকে জনপ্রিয় করেছে।