সিরিয়ায় অনুপ্রবেশ করে ইসরায়েলের অভিযান

সিরিয়ায় অনুপ্রবেশ করে ইসরায়েলের অভিযান
নিউজ ডেস্ক
২৬ ফেব্রুয়ারি ২০২৬

সিরিয়ার দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় কুনেইত্রা প্রদেশ-এ ইসরায়েলি সেনাবাহিনীর কয়েক ডজন সামরিক যান অনুপ্রবেশ করেছে বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) আল জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করে।

খবরে বলা হয়, প্রায় ৩০টি সামরিক যান পূর্ব তেল আল-আহমার এলাকায় আইন জিওয়ান গ্রামের কাছে প্রবেশ করে তল্লাশি অভিযান চালায়।

রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানা জানায়, ইসরায়েলি বাহিনী বারিকা গ্রামের কাছেও পৌঁছে ভেড়া চরানোর সময় এক তরুণ সিরীয় নাগরিককে আটক করে নিয়ে যায়। এছাড়া তিনটি ইসরায়েলি সামরিক যান অস্থায়ীভাবে আবু মাধারাহ খামার এলাকাতেও প্রবেশ করে।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

কুনেইত্রা অবস্থিত বিতর্কিত গোলান মালভূমি অঞ্চলে, যা জাতিসংঘের স্বীকৃতি অনুযায়ী সিরিয়ার অংশ। তবে ১৯৬৭ সালের ছয়দিনের যুদ্ধে ইসরায়েল গোলানের পশ্চিমাংশের প্রায় ১ হাজার ২০০ বর্গকিলোমিটার এলাকা দখল করে। পরবর্তীতে ১৯৭৩ সালের ইয়োম কিপুর যুদ্ধ-এ সিরিয়া অঞ্চলটি পুনর্দখলের চেষ্টা করলেও সফল হয়নি।

১৯৭৪ সালের বিচ্ছিন্নতা চুক্তির মাধ্যমে একটি জাতিসংঘ বাফার জোন গঠন করা হয়, যা ইসরায়েল-অধিকৃত এলাকা ও সিরিয়ার নিয়ন্ত্রণাধীন অংশকে পৃথক করে। কুনেইত্রার একটি অংশ ওই বাফার জোনের ভেতরে পড়ে।

২০২৪ সালের ডিসেম্বরে বাশার আল আসাদ ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে ইসরায়েলের সামরিক তৎপরতা বেড়েছে বলে অভিযোগ উঠেছে। গত বছর আইন জিওয়ান ও আল-আজরাফ গ্রামে দুটি সামরিক চেকপয়েন্ট স্থাপন করে ইসরায়েল। পাশাপাশি ২০২৫ জুড়ে সিরিয়ায় ৬০০-র বেশি বিমান, ড্রোন ও গোলাবর্ষণ হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে সশস্ত্র সংঘাত পর্যবেক্ষক সংস্থা এসিএলইডি।

দামেস্ক সরকার বলছে, তারা ১৯৭৪ সালের চুক্তির প্রতি প্রতিশ্রুতিবদ্ধ থাকলেও ইসরায়েলের অব্যাহত অনুপ্রবেশ আঞ্চলিক স্থিতিশীলতা পুনরুদ্ধারের প্রচেষ্টাকে বাধাগ্রস্ত করছে। যুক্তরাষ্ট্রের তত্ত্বাবধানে দুই দেশের মধ্যে গোয়েন্দা তথ্য আদান-প্রদান ও সামরিক উত্তেজনা প্রশমনে একটি যৌথ প্রক্রিয়া গঠনের বিষয়ে জানুয়ারিতে সমঝোতা হয়েছে। তবে সিরিয়ার মতে, ইসরায়েলি সেনা প্রত্যাহারের সুস্পষ্ট সময়সীমা ছাড়া স্থায়ী সমাধান কঠিন।