৪০৬৮ কোটির দুই প্রকল্প উদ্বোধনে বৃহস্পতিবার মোংলা যাবেন প্রধানমন্ত্রী
মোংলা বন্দরের আধুনিকায়ন ও সক্ষমতা বাড়াতে ৪ হাজার ৬৮ কোটি টাকা ব্যয়ে নতুন দুটি কন্টেইনার জেটি ও ইয়ার্ড নির্মাণসহ আনুষঙ্গিক উন্নয়নকাজের উদ্বোধন করতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (৫ নভেম্বর) তিনি মোংলা বন্দর পরিদর্শনে গিয়ে এসব উন্নয়নকাজের উদ্বোধন করবেন।
এর আগে গত ২২ অক্টোবর মোংলা বন্দরের উন্নয়ন সম্ভাবনা ও অবকাঠামোগত কার্যক্রম পর্যালোচনায় বন্দরটি পরিদর্শন করেন প্রধানমন্ত্রী। এবার নতুন কন্টেইনার জেটি ও ইয়ার্ড নির্মাণ প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধনের মধ্য দিয়ে বন্দরের সম্প্রসারণ কার্যক্রম শুরু হতে যাচ্ছে।
মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল আরিফ আহমেদ মোস্তফা জানান, বন্দরের আধুনিকায়ন ও সম্প্রসারণ প্রকল্পের আওতায় দুটি নতুন কন্টেইনার জেটি ও কন্টেইনার ইয়ার্ড নির্মাণ করা হবে। পাশাপাশি পণ্য ওঠানো-নামানোর সক্ষমতা বাড়াতে যুক্ত করা হবে ৪৯টি আধুনিক যন্ত্রপাতি।
তিনি জানান, প্রকল্পটির মোট ব্যয় ধরা হয়েছে ৪ হাজার ৬৮ কোটি টাকা। এর মধ্যে বাংলাদেশ সরকার দেবে ৪৭৫ কোটি টাকা। বাকি অর্থায়ন করবে সংশ্লিষ্ট চীনা প্রতিষ্ঠান।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রীর সাম্প্রতিক চীন সফরের সময় এ উন্নয়ন প্রকল্প নিয়ে চুক্তি স্বাক্ষরিত হয়। এর ধারাবাহিকতায় গত ১০ অক্টোবর বাংলাদেশ ও চীনের মধ্যে একটি সমঝোতা স্মারক এবং ঋণ চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
এদিকে, মোংলা বন্দরের অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি বন্দরের সঙ্গে সড়ক ও রেল যোগাযোগ আরও কার্যকর করার দাবি জানিয়েছেন বন্দর ব্যবহারকারীরা। মোংলা বন্দর বার্থ শিপ অপারেটর অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. জুলফিকার আলী বলেন, বন্দরের চ্যানেলের নাব্যতা বাড়াতে পরিকল্পিত ড্রেজিং ও নিয়মিত সংরক্ষণ কার্যক্রম প্রয়োজন। পাশাপাশি সড়ক ও রেল যোগাযোগের উন্নয়ন, ফয়লা বিমানবন্দর চালু এবং বন্দরের আকরাম পয়েন্টে দ্রুত এলএনজি স্টেশন নির্মাণের দাবি রয়েছে।
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী লায়ন ড. শেখ ফরিদুল ইসলাম জানান, দুটি কন্টেইনার জেটির নির্মাণকাজ উদ্বোধনের পাশাপাশি ইনভেস্ট বাংলাদেশ ও চায়না রেলওয়ে কনস্ট্রাকশন করপোরেশনের মধ্যে রেলওয়ে চুক্তি স্বাক্ষর করবেন প্রধানমন্ত্রী।
তিনি বলেন, এ চুক্তি বাস্তবায়িত হলে মোংলা বন্দর থেকে কন্টেইনার পরিবহনে রেলসেবা চালুর সুযোগ তৈরি হবে। এতে বন্দর ব্যবহারকারীদের পরিবহন সুবিধা বাড়ার পাশাপাশি ব্যবসায়ী ও বিনিয়োগকারীদের আগ্রহও বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে।
সংশ্লিষ্টদের মতে, নতুন জেটি, ইয়ার্ড ও আধুনিক যন্ত্রপাতি যুক্ত হলে মোংলা বন্দরের পণ্য ও কন্টেইনার হ্যান্ডলিং সক্ষমতা বাড়বে। একই সঙ্গে রেল যোগাযোগ চালু হলে দেশের আমদানি-রপ্তানি বাণিজ্যে বন্দরের ব্যবহার আরও সম্প্রসারিত হওয়ার সম্ভাবনা তৈরি হবে।


