আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলা, হতাহতের সংখ্যা নিয়ে দুই পক্ষের ভিন্ন দাবি

আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলা, হতাহতের সংখ্যা নিয়ে দুই পক্ষের ভিন্ন দাবি
নিউজ ডেস্ক
২৭ ফেব্রুয়ারি ২০২৬

পাকিস্তান আফগানিস্তানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার পর দেশটিতে বিমান হামলা চালাচ্ছে বলে জানিয়েছে ইসলামাবাদ। পাকিস্তানের সেনাবাহিনীর মুখপাত্র দাবি করেছেন, এসব হামলায় আফগানিস্তান-এর ২২৮ জন সেনা নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও ৩১৪ জন।

তিনি আরও দাবি করেন, সীমান্ত এলাকায় আফগানিস্তানের ৭৪টি সীমান্ত চৌকি ধ্বংস করা হয়েছে এবং পাকিস্তানি বাহিনী ১৮টি চৌকি দখলে নিয়েছে।

তবে আফগান তালেবান সরকার পাকিস্তানের এ দাবি প্রত্যাখ্যান করেছে। তাদের পক্ষ থেকে জানানো হয়েছে, পাকিস্তানের হামলায় এখন পর্যন্ত আটজন সেনা নিহত এবং ১১ জন আহত হয়েছেন।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

এদিকে আন্তর্জাতিক সংবাদমাধ্যম আলজাজিরা-এর সাংবাদিক কামাল হায়দার পাকিস্তানের পেশোয়ার থেকে জানিয়েছেন, শুক্রবার দুপুরের পরও সীমান্ত এলাকায় ব্যাপক সংঘর্ষ চলছিল। একদিকে পাকিস্তান বিমান হামলা চালাচ্ছে, অন্যদিকে আফগানিস্তানের ভেতর থেকেও পাল্টা হামলা হচ্ছে।

তিনি জানান, দুই পক্ষেরই ব্যাপক ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যাচ্ছে এবং পরিস্থিতি অত্যন্ত উত্তপ্ত। পাকিস্তান পাল্টা হামলা অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

সীমান্ত পরিস্থিতি নিয়ে আন্তর্জাতিক মহলে উদ্বেগ বাড়ছে।