ইরানে যুদ্ধ বন্ধ না হলে জামায়াত বৃহত্তর কর্মসূচির ডাক দেবে : এটিএম আজহার
রোববার (১ মার্চ) রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদ প্রাঙ্গণে ইরানে হামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর। সমাবেশে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে যুদ্ধ বন্ধ না করলে বৃহত্তর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দেন দলটির কেন্দ্রীয় কমিটির নায়েবে আমির ও সংসদ সদস্য এটিএম আজহারুল ইসলাম।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ইরানে চলমান হামলার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছে জামায়াতে ইসলামী। একই সঙ্গে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি-র মৃত্যুর ঘটনায় শোক প্রকাশ করে তার আত্মার মাগফেরাত কামনা করেন। এ যুদ্ধে নিহত অন্যদের জন্যও দোয়া করেন তিনি।
এটিএম আজহারুল ইসলাম বলেন, বিশ্বশান্তি রক্ষার লক্ষ্যে প্রতিষ্ঠিত জাতিসংঘ বর্তমানে কয়েকটি শক্তিধর দেশের প্রভাবমুক্ত হয়ে নিরপেক্ষ ভূমিকা রাখতে পারছে না। সংস্থাটিকে কার্যকর ভূমিকা পালনের আহ্বান জানান তিনি। পাশাপাশি মুসলিম দেশগুলোর জোট ওআইসি-কেও সক্রিয় হওয়ার আহ্বান জানান।
তিনি আরও বলেন, এই যুদ্ধ শুধু মধ্যপ্রাচ্য নয়, বিশ্ব অর্থনীতিতেও নেতিবাচক প্রভাব ফেলবে। নিত্যপ্রয়োজনীয় পণ্য ও জ্বালানি তেলের দাম বৃদ্ধি পেতে পারে। তাই বিশ্ববাসীর স্বার্থে দ্রুত যুদ্ধ বন্ধ করা উচিত।
ইসরায়েলের উদ্দেশে হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, অতীতে হত্যাকাণ্ডের প্রতিবাদে দেশটির পণ্য বর্জন করা হয়েছিল। আবারও এমন কর্মসূচি এলে তাদের ব্যবসায়িক ক্ষতি হতে পারে। তাই অবিলম্বে ইরানে সামরিক অভিযান বন্ধের আহ্বান জানান তিনি।
সমাবেশে আরও উপস্থিত ছিলেন দলের সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান, কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য মতিউর রহমান আকন, মো. সেলিম উদ্দিন এবং ঢাকা মহানগরী দক্ষিণের আমির ও সংসদ সদস্য নুরুল ইসলাম বুলবুলসহ অন্য নেতারা।


