আরব নেতাদের সঙ্গে ফোনালাপ, যে সিদ্ধান্ত নিলেন পুতিন
ইরানকে ঘিরে সংঘাত বিস্তৃত হওয়ার প্রেক্ষাপটে আরব উপসাগরীয় দেশগুলোর উদ্বেগ তেহরানের কাছে তুলে ধরবেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এ তথ্য জানিয়েছে টাইমস অব ইসরায়েল।
ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ সাংবাদিকদের বলেন, গতকাল পুতিন চারজন আরব উপসাগরীয় রাষ্ট্রনেতার সঙ্গে টেলিফোনে কথা বলেছেন। মস্কো ও তেহরানের কৌশলগত অংশীদারত্বের সম্পর্ক কাজে লাগিয়ে আঞ্চলিক উত্তেজনা প্রশমনে উদ্যোগ নেওয়া হবে।

পেসকভের ভাষ্য, “উত্তেজনা সামান্য হলেও কমাতে পুতিন অবশ্যই সর্বোচ্চ চেষ্টা করবেন।” তিনি জানান, উপসাগরীয় দেশগুলোর জ্বালানি অবকাঠামোর ওপর হামলা নিয়ে তাদের গভীর উদ্বেগ ইরানি নেতৃত্বের কাছে পৌঁছে দেওয়ার বিষয়টি আলোচনায় গুরুত্ব পেয়েছে।
সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক– এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব
এর মধ্যে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার জবাবে ইরান উপসাগরীয় দেশগুলোর জ্বালানি স্থাপনা এবং হরমুজ প্রণালি–তে ট্যাঙ্কার লক্ষ্য করে পাল্টা আঘাত হেনেছে বলে খবর পাওয়া গেছে। এর জেরে টানা তৃতীয় দিনের মতো আন্তর্জাতিক বাজারে তেলের দাম বেড়েছে।
ক্রেমলিন আরও জানিয়েছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের বিরুদ্ধে অভিযান শুরুর পর থেকে পুতিনের সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প–এর কোনো কথা হয়নি এবং আপাতত এমন কোনো আলোচনার পরিকল্পনাও নেই।

