সব হারিয়েছে ইরান, স্থল অভিযান সময়ের অপচয়: ট্রাম্প
মধ্যপ্রাচ্যে ইরানকে ঘিরে উত্তেজনার মধ্যে সম্ভাব্য সামরিক পদক্ষেপ নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক সাক্ষাৎকারে বলেছেন, ইরানে স্থল অভিযান নিয়ে আলোচনা করা “সময়ের অপচয়” হতে পারে।
মার্কিন গণমাধ্যম এনবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প দাবি করেন, সাম্প্রতিক সামরিক অভিযানের ফলে ইরানের সামরিক সক্ষমতা বড় ধরনের ক্ষতির মুখে পড়েছে। তার ভাষায়, “তারা অনেক কিছুই হারিয়েছে। তাদের হারানোর মতো আর খুব বেশি কিছু নেই।”
অন্যদিকে ইরানের পক্ষ থেকে বলা হয়েছে, যেকোনো ধরনের স্থল অভিযান হলে তার কঠোর জবাব দেওয়া হবে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি সতর্ক করে বলেন, যদি যুক্তরাষ্ট্র বা ইসরায়েল ইরানে স্থল অভিযান চালানোর চেষ্টা করে, তাহলে তা বড় ধরনের বিপর্যয়ে পরিণত হতে পারে।
তিনি দাবি করেন, ইরান এমন পরিস্থিতি মোকাবিলার জন্য প্রস্তুত রয়েছে এবং সম্ভাব্য আগ্রাসনের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে সক্ষম।
ইরানি পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচির মন্তব্যের প্রতিক্রিয়ায় ট্রাম্প বলেন, স্থল অভিযান নিয়ে কথা বলা সময়ের অপচয়। তারা (ইরান) সবকিছু হারিয়েছে। তারা তাদের নৌবাহিনী হারিয়েছে। হারানোর মতো আর কিছুই তাদের অবশিষ্ট নেই।
মার্কিন সামরিক সূত্রের দাবি অনুযায়ী, সাম্প্রতিক কয়েক দিনের অভিযানে ইরানের নৌ ও ক্ষেপণাস্ত্র সক্ষমতার ওপর বড় ধরনের আঘাত হানা হয়েছে। তবে এসব তথ্য স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।
এদিকে সম্ভাব্য সংঘাত ঘিরে মানবিক পরিস্থিতি নিয়েও উদ্বেগ বাড়ছে। বিশ্লেষকরা বলছেন, মধ্যপ্রাচ্যে বড় আকারের সামরিক সংঘাত শুরু হলে তা আঞ্চলিক স্থিতিশীলতার ওপর গুরুতর প্রভাব ফেলতে পারে।
আন্তর্জাতিক পর্যবেক্ষকদের মতে, কূটনৈতিক সমাধানের পথ খোলা রাখা এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ।


