জরুরি ভিত্তিতে ইসরায়েলে অস্ত্র পাঠানোর অনুমোদন যুক্তরাষ্ট্রের
ইরানের সঙ্গে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে ইসরায়েলের কাছে জরুরি ভিত্তিতে অস্ত্র সরবরাহের অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, প্রায় ১৫ কোটি ১৮ লাখ ডলার মূল্যের একটি অস্ত্র প্যাকেজ ইসরায়েলের কাছে বিক্রির সম্ভাব্য অনুমোদন দেওয়া হয়েছে।
শনিবার প্রকাশিত এক বিবৃতিতে জানানো হয়, এই প্যাকেজে বিভিন্ন যুদ্ধাস্ত্রের পাশাপাশি লজিস্টিক ও প্রযুক্তিগত সহায়তাও অন্তর্ভুক্ত রয়েছে। দ্রুত সরবরাহ নিশ্চিত করতে এ ক্ষেত্রে কংগ্রেসের আনুষ্ঠানিক অনুমোদনের অপেক্ষা করা হবে না।
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেন, ইসরায়েল সরকারের কাছে দ্রুত অস্ত্র সরবরাহের জন্য একটি বিশেষ প্রক্রিয়া চালু করা হয়েছে। এতে বিএলইউ–১১০এ/বি ধরনের বোমা ও সংশ্লিষ্ট সহায়তা অন্তর্ভুক্ত রয়েছে।
পররাষ্ট্র দপ্তরের মতে, এই অস্ত্র বিক্রি যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ এবং এর মাধ্যমে মধ্যপ্রাচ্যে গুরুত্বপূর্ণ মিত্র ইসরায়েলের নিরাপত্তা জোরদার হবে।
এদিকে ইরান–এর বিরুদ্ধে বড় ধরনের সামরিক হামলার ইঙ্গিতও পাওয়া গেছে। মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট এক সাক্ষাৎকারে জানান, শনিবার রাতেই ইরানের ওপর বড় ধরনের বোমাবর্ষণ অভিযান পরিচালনার পরিকল্পনা রয়েছে।
ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, সম্ভাব্য হামলায় ইরানের ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্র এবং ক্ষেপণাস্ত্র উৎপাদন স্থাপনাগুলো প্রধান লক্ষ্যবস্তু হতে পারে। এর মাধ্যমে এসব স্থাপনার কার্যকারিতা উল্লেখযোগ্যভাবে কমিয়ে আনার চেষ্টা করা হবে।
তিনি আরও অভিযোগ করেন, ইরান বিশ্বজুড়ে অর্থনৈতিক অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করছে এবংহরমুজ প্রণালির ওপর তেহরানের নিয়ন্ত্রণ আন্তর্জাতিক বাণিজ্যের জন্য বড় উদ্বেগ তৈরি করেছে।


