ইরানে আজ অত্যন্ত কঠোর আঘাত হানা হবে: ট্রাম্প

ইরানে আজ অত্যন্ত কঠোর আঘাত হানা হবে: ট্রাম্প
নিউজ ডেস্ক
৭ মার্চ ২০২৬

ইরানে কঠোর হামলার হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, শনিবার ইরানের ওপর ‘অত্যন্ত কঠোর আঘাত’ হানা হতে পারে এবং নতুন লক্ষ্যবস্তুতেও হামলা চালানোর বিষয়টি বিবেচনা করা হচ্ছে।

নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প লিখেছেন, “আজ ইরানে অত্যন্ত কঠোর আঘাত হানা হবে।” তিনি আরও বলেন, ইরানের সাম্প্রতিক আচরণের কারণে এমন কিছু এলাকা ও গোষ্ঠীকে লক্ষ্যবস্তু করার বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে, যা আগে হামলার তালিকায় ছিল না।

এর আগে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এক ভাষণে বলেন, তেহরান কখনোই যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের কাছে আত্মসমর্পণ করবে না। তার এই বক্তব্যের পরপরই ট্রাম্প নতুন করে কঠোর হুমকি দেন।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

গত ২৮ ফেব্রুয়ারি ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। এর জবাবে ইরানও ইসরায়েল এবং উপসাগরীয় অঞ্চলে অবস্থিত মার্কিন স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন স্থাপনায় ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়ে আসছে।

রাষ্ট্রীয় টেলিভিশনে সম্প্রচারিত এক ভাষণে পেজেশকিয়ান ইরানের হামলার কারণে প্রতিবেশী উপসাগরীয় দেশগুলোর কাছে দুঃখ প্রকাশ করেন। তিনি বলেন, যদি ওই দেশগুলোর ভূখণ্ড ব্যবহার করে ইরানের ওপর হামলা না চালানো হয়, তবে তেহরান তাদের লক্ষ্যবস্তু করবে না।

এদিকে ট্রাম্প তার পোস্টে দাবি করেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ধারাবাহিক হামলার চাপের কারণেই ইরান এমন প্রতিশ্রুতি দিতে বাধ্য হয়েছে। তিনি আরও বলেন, একসময় মধ্যপ্রাচ্যের প্রভাবশালী শক্তি হিসেবে পরিচিত ইরান এখন আর আগের অবস্থানে নেই এবং তাদের অবস্থান দুর্বল হয়ে পড়েছে।