খালেদা জিয়ার মরণোত্তর পুরস্কার গ্রহণ করলেন নাতনি জাইমা রহমান
গণতন্ত্রের অগ্রযাত্রায় অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ ‘শ্রেষ্ঠ অদম্য নারী’ সম্মাননা (মরণোত্তর) প্রদান করা হয়েছে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে। তার পক্ষে এই সম্মাননা গ্রহণ করেন নাতনি ও প্রধানমন্ত্রী তারেক রহমানের মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান।
রোববার (৮ মার্চ) আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে ‘অদম্য নারী পুরস্কার ২০২৬’ প্রদান করা হয়। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পুরস্কারপ্রাপ্তদের হাতে সম্মাননা তুলে দেন।
অন্যান্য বছরের মতো এবারও বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য পাঁচটি ক্যাটাগরিতে নারীদের এই সম্মাননা দেওয়া হয়।
পুরস্কারপ্রাপ্তরা হলেন—
১. গণতন্ত্রের অগ্রযাত্রায় ‘শ্রেষ্ঠ অদম্য নারী’ খালেদা জিয়া
২. অর্থনৈতিক ক্ষেত্রে সাফল্য অর্জনকারী নারী নুরুন নাহার আক্তার
৩. শিক্ষা ও চাকরি ক্ষেত্রে সাফল্য অর্জনকারী মোছা. ববিতা খাতুন
৪. সফল জননী নুরবানু কবীর
৫. নির্যাতনের দুঃস্বপ্ন মুছে ফেলে জীবনসংগ্রামে জয়ী নারী মোছা. শমলা বেগম
৬. সমাজ উন্নয়নে অসামান্য অবদান রাখা নারী মোছা. আফরোজা ইয়াসমিন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমান। বক্তব্যে তিনি বলেন, “শত অত্যাচারের মধ্যেও বেগম খালেদা জিয়া অদম্য ও অবিচল ছিলেন।”
মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত ‘অদম্য নারী পুরস্কার’ দেশের নারীদের সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক ক্ষেত্রে অবদানের স্বীকৃতি হিসেবে প্রদান করা হয়। আয়োজকদের মতে, এ ধরনের স্বীকৃতি নারীর সংগ্রাম, নেতৃত্ব ও সাফল্যের গল্প সমাজের সামনে তুলে ধরতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।


