ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলে নিহত ১
ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্রের আঘাতে ইসরায়েলের মধ্যাঞ্চলে একজন নিহত হয়েছেন। এছাড়া এই হামলায় আরও কয়েকজন আহত হয়েছেন বলে জানিয়েছে ইসরায়েলের সামরিক বাহিনী।
ফরাসি বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার ইরানের নতুন ক্ষেপণাস্ত্র হামলার পরপরই ইসরায়েলের বিভিন্ন এলাকায় কয়েকটি বিস্ফোরণের ঘটনা ঘটে। এর মধ্যে মধ্যাঞ্চলের একটি নির্মাণাধীন ভবনে ক্ষেপণাস্ত্র আঘাত হানলে সেখানে থাকা একজন নিহত হন।
ইসরায়েলের জরুরি সেবা সংস্থা ম্যাগেন ডেভিড অ্যাডম এক বিবৃতিতে জানায়, আহত ব্যক্তিকে বাঁচানোর সর্বোচ্চ চেষ্টা করা হলেও গুরুতর জখমের কারণে ৪০ বছর বয়সী ওই ব্যক্তিকে মৃত ঘোষণা করতে হয়েছে।
উদ্ধারকারী দল জানিয়েছে, ধ্বংসাবশেষের আঘাতে গুরুতর আহত আরও একজনকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার প্রতিশোধ হিসেবে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত অন্তত ১১ জন নিহত এবং বহু মানুষ আহত হয়েছেন বলে বিভিন্ন সূত্রে জানা গেছে।
এদিকে ইরানের হামলার মধ্যেই ছবি ও বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর অভিযোগে ৩০০ জনের বেশি মানুষকে গ্রেপ্তার করেছে কাতার। সোমবার দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।
বিবৃতিতে বলা হয়, গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হামলার ছবি ও ভিডিও ধারণ ও প্রচার করেছেন এবং এমন বিভ্রান্তিকর তথ্য ও গুজব ছড়িয়েছেন, যা জনমনে আতঙ্ক ও উত্তেজনা সৃষ্টি করতে পারে। কাতারের অপরাধ তদন্ত বিভাগের অর্থনৈতিক ও সাইবার অপরাধ দমন ইউনিট জানিয়েছে, গ্রেপ্তারকৃতদের মধ্যে বিভিন্ন দেশের নাগরিকও রয়েছেন।
এর আগে গত ৬ মার্চ বাহরাইনের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ও এক বিবৃতিতে জানায়, ইরানি হামলার প্রভাব নিয়ে ভিডিও ধারণ ও প্রচার এবং মিথ্যা তথ্য ছড়ানোর অভিযোগে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।
মধ্যপ্রাচ্যে চলমান এই সংঘাতের মধ্যে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার পাশাপাশি তথ্যযুদ্ধ ও গুজব নিয়ন্ত্রণেও কঠোর অবস্থান নিচ্ছে উপসাগরীয় অঞ্চলের বিভিন্ন দেশ।


