দুদকে নতুন চেয়ারম্যান ও কমিশনার নিয়োগের অপেক্ষা, আলোচনা কয়েকটি নাম

জাতীয়
দুদকে নতুন চেয়ারম্যান ও কমিশনার নিয়োগের অপেক্ষা, আলোচনা কয়েকটি নাম
নিউজ ডেস্ক
১০ মার্চ ২০২৬

দুর্নীতি দমন কমিশনে (দুদক) নতুন চেয়ারম্যান ও কমিশনার নিয়োগ নিয়ে সরকারি মহল ও সংশ্লিষ্টদের মধ্যে আলোচনা চলছে। বিএনপি নেতৃত্বাধীন সরকার দায়িত্ব নেওয়ার দুই সপ্তাহের মাথায় দুদকের চেয়ারম্যান মোহাম্মদ আবদুল মোমেনসহ দুই কমিশনার পদত্যাগ করার পর থেকেই প্রতিষ্ঠানটি কার্যত নেতৃত্বশূন্য অবস্থায় রয়েছে। ফলে সংস্থাটির চলমান অনুসন্ধান ও তদন্ত কার্যক্রমের একটি বড় অংশ ধীরগতিতে চলছে।

বর্তমানে নতুন নেতৃত্ব কবে এবং কীভাবে নিয়োগ দেওয়া হবে, সে বিষয়ে দুদকের কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে অপেক্ষা ও কৌতূহল তৈরি হয়েছে। এদিকে সম্ভাব্য চেয়ারম্যান হিসেবে সাবেক বিচারক মোতাহের হোসেন এবং জাতীয় রাজস্ব বোর্ডের সাবেক চেয়ারম্যান বদিউর রহমান-এর নাম নিয়ে বিভিন্ন মহলে আলোচনা শোনা যাচ্ছে।

সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, সংসদের প্রথম অধিবেশনে দুদকের নতুন অধ্যাদেশ বহাল এবং একটি সার্চ কমিটি গঠনের পর নতুন চেয়ারম্যান ও কমিশনার নিয়োগের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

এ বিষয়ে মত দিয়েছেন ড. ইফতেখারুজ্জামান, যিনি Transparency International Bangladesh (টিআইবি)-এর নির্বাহী পরিচালক এবং দুদক সংস্কার কমিশনের প্রধান। তিনি বলেন, দুদকের নেতৃত্বে এমন ব্যক্তিদের নিয়োগ দিতে হবে যারা সংশ্লিষ্ট ক্ষেত্রে দক্ষ, অভিজ্ঞ এবং পেশাগত জীবনে সততার প্রমাণ রেখেছেন।

তার মতে, সরকার নিয়োগ দিলেও কমিশনের সদস্যদের স্বাধীনভাবে কাজ করার মানসিকতা থাকতে হবে। রাজনৈতিক বা দলীয় চাপের কাছে নতি স্বীকার করলে দুর্নীতি দমন কার্যক্রম কার্যকর হবে না।

ড. ইফতেখারুজ্জামান আরও বলেন, ক্ষমতাসীন সরকার ও রাজনৈতিক দলের চাপ প্রায়ই দুদকের ওপর থাকে। তাই নতুন কমিশনের দায়িত্ব হবে স্বাধীন ও নিরপেক্ষভাবে সিদ্ধান্ত নেওয়া।

তবে দায়িত্ব গ্রহণের পর সরকার প্রধান তারেক রহমান যে বিভিন্ন উদ্যোগ ও পদক্ষেপ নিয়েছেন, তা একটি স্বাধীন ও কার্যকর দুদক গঠনের ক্ষেত্রে ইতিবাচক বার্তা বলে মনে করেন তিনি। তার মতে, সরকারের সংস্কার পরিকল্পনা বাস্তবায়নে দল ও প্রশাসনের সমন্বিত সহায়তা গুরুত্বপূর্ণ।