সরকারকে বিব্রত করার চেষ্টা করবেন না: মির্জা আব্বাস

রাজনীতি
সরকারকে বিব্রত করার চেষ্টা করবেন না: মির্জা আব্বাস
নিউজ ডেস্ক
১০ মার্চ ২০২৬

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা মির্জা আব্বাস বলেছেন, বর্তমান সরকার জনগণের ভোটে নির্বাচিত সরকার। তাই অযথা স্লোগান দিয়ে সরকারকে বিব্রত করার চেষ্টা না করতে সবার প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।

মঙ্গলবার (১০ মার্চ) রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে মাল্টিমিডিয়া রিপোর্টার্স ইউনিটির আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মির্জা আব্বাস বলেন, গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি স্থানে সরকারের বিরুদ্ধে স্লোগান দেওয়া হয়েছে বলে তিনি শুনেছেন। তিনি বলেন, “এই সরকার কিন্তু রাতের অন্ধকারে ভোটের সরকার নয়। এটি কোটি মানুষের ভোটে নির্বাচিত সরকার।”

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

তিনি আরও বলেন, দাবি-দাওয়া জানানোর একটি নির্দিষ্ট পদ্ধতি রয়েছে। স্লোগান বা আন্দোলনের পরিবর্তে সেই পদ্ধতিতে নিজেদের বক্তব্য তুলে ধরার আহ্বান জানান তিনি।

দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করা হচ্ছে বলেও মন্তব্য করেন বিএনপির এই নেতা। তিনি বলেন, “কিছু লোক ক্ষমতায় যাওয়ার লোভে দেশকে অস্থিতিশীল করতে চায়। আমরা সবাইকে আহ্বান জানাবো—বিশেষ করে এই রমজান মাসে—এ ধরনের পরিবেশ সৃষ্টি থেকে বিরত থাকুন।”

সমালোচকদের উদ্দেশে তিনি বলেন, রোজা রেখে মিথ্যা কথা বলা বা অপপ্রচার করা ঠিক নয়। রাজনৈতিক মতভেদ থাকতে পারে, তবে ব্যক্তিগত আক্রমণ বা অপপ্রচার থেকে বিরত থাকার আহ্বান জানান তিনি।

সরকারের বিভিন্ন উদ্যোগ প্রসঙ্গে মির্জা আব্বাস বলেন, বর্তমান সরকারের মেয়াদ এখনো এক মাস পূর্ণ হয়নি। এর মধ্যেই ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। সামনে কৃষক কার্ডসহ আরও বেশ কিছু কর্মসূচি চালু করা হবে বলেও জানান তিনি।

তিনি আরও বলেন, অনেকেই এমনভাবে সমালোচনা করছেন যেন এই সরকার বহু বছর ধরে ক্ষমতায় রয়েছে। অথচ গত ১৭ বছর অন্য একটি দল ক্ষমতায় ছিল—এ বিষয়টি ভুলে গেলে চলবে না।

মাল্টিমিডিয়া রিপোর্টার্স ইউনিটির সভাপতি শাহরিয়ার নাঈমের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক মিসবাহ উদ্দিন, প্রতিমন্ত্রী নুরুল হক নুর, সংসদ সদস্য শফিকুল ইসলাম মাসুদ এবং এনপিপির চেয়ারম্যান ফরিদুজ্জামান ফরহাদসহ অনেকে।