পাম্পে জ্বালানি তেলের সরবরাহ বাড়াল বিপিসি
দেশজুড়ে চলমান জ্বালানি সংকটের মধ্যে পেট্রোল পাম্পগুলোতে জ্বালানি তেলের সরবরাহ কিছুটা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি)। এতে বিভাগীয় শহরের পাম্পগুলো আগের তুলনায় বেশি তেল পাবে বলে জানিয়েছে সংস্থাটি।
বুধবার (১১ মার্চ) এক বার্তায় বিপিসি জানায়, সাধারণ মানুষের ভোগান্তি কমানো এবং বাজারে জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে রেশনিং ব্যবস্থায় আংশিক শিথিলতা আনা হয়েছে।
নতুন নির্দেশনা অনুযায়ী, জ্বালানি সরবরাহ কমানোর হার ২৫ শতাংশ থেকে কমিয়ে ১৫ শতাংশ করা হয়েছে। ফলে বিভাগীয় শহরের পেট্রোল পাম্পগুলো এখন আগের তুলনায় ১০ শতাংশ বেশি অকটেন ও পেট্রোল পাবে।
বিপিসি জানিয়েছে, বৈশ্বিক জ্বালানি পরিস্থিতির প্রেক্ষাপটে দেশের চাহিদা অনুযায়ী সরবরাহ বজায় রাখতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নির্দেশনা অনুযায়ী, বিভাগীয় শহরগুলোতে জ্বালানি তেলের গড় বিক্রয় বিবেচনায় ফিলিং স্টেশনভিত্তিক বরাদ্দ চার্ট অনুসারে সরবরাহ করা হবে।
সংস্থাটি আরও জানায়, নতুন বরাদ্দ কার্যকর করতে বিপিসির অধীন বিপণন কোম্পানিগুলোর ডিপো সুপার, বিক্রয় কর্মকর্তা এবং সংশ্লিষ্ট ডিলার ও এজেন্টদের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।
এ সিদ্ধান্তের ফলে পেট্রোল পাম্পগুলোতে জ্বালানি তেলের সরবরাহ কিছুটা বাড়বে এবং সাধারণ মানুষের ভোগান্তি কমবে বলে আশা করা হচ্ছে।


