মোজতবা খামেনিকে ধরিয়ে দিতে ১ কোটি ডলার পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের

মোজতবা খামেনিকে ধরিয়ে দিতে ১ কোটি ডলার পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের
নিউজ ডেস্ক
১৪ মার্চ ২০২৬

ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির অবস্থান বা তাকে ধরিয়ে দিতে তথ্য দিলে সর্বোচ্চ এক কোটি মার্কিন ডলার পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। একই সঙ্গে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) সংশ্লিষ্ট কয়েকজন জ্যেষ্ঠ কর্মকর্তার বিষয়ে তথ্য দিলেও পুরস্কার দেওয়ার কথা জানিয়েছে ওয়াশিংটন।

শুক্রবার (১৩ মার্চ) যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের ‘রিওয়ার্ডস ফর জাস্টিস’ কর্মসূচির আওতায় এ ঘোষণা দেওয়া হয়। এই কর্মসূচি পরিচালনা করে দেশটির ডিপ্লোম্যাটিক সিকিউরিটি সার্ভিস।

প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়, তালিকাভুক্ত ব্যক্তিরা ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর বিভিন্ন শাখার নেতৃত্বে রয়েছেন এবং তারা বিশ্বজুড়ে সন্ত্রাসী কর্মকাণ্ডের পরিকল্পনা, সংগঠন ও বাস্তবায়নের সঙ্গে জড়িত বলে যুক্তরাষ্ট্রের অভিযোগ।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

মার্কিন পররাষ্ট্র দপ্তর সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রকাশিত এক ব্যানারে কয়েকজনকে ‘ইরানি সন্ত্রাসী নেতা’ উল্লেখ করে তাদের সম্পর্কে তথ্য চেয়েছে। তালিকায় নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির পাশাপাশি আরও কয়েকজন জ্যেষ্ঠ কর্মকর্তার নাম রয়েছে।

তালিকাভুক্তদের মধ্যে রয়েছেন ইরানের গোয়েন্দামন্ত্রী ইসমায়েল খতিব, উপপ্রধান কর্মকর্তা সৈয়দ আলী আসগর হিজাজি, মেজর জেনারেল ইয়াহিয়া রহিম সাফাভি, স্বরাষ্ট্রমন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল এস্কান্দার মোমেনি এবং জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব আলী লারিজানি।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এসব ব্যক্তি আইআরজিসির নেতৃত্ব কাঠামোর গুরুত্বপূর্ণ সদস্য এবং আন্তর্জাতিক পর্যায়ে বিভিন্ন অভিযান পরিকল্পনা ও পরিচালনার সঙ্গে জড়িত বলে ওয়াশিংটনের দাবি। তাদের অবস্থান বা সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ তথ্য দিলে তথ্যদাতাদের পুনর্বাসনের সুযোগ এবং আর্থিক পুরস্কার দেওয়া হতে পারে।

কর্মসূচির পক্ষ থেকে জানানো হয়েছে, তথ্যদাতারা এনক্রিপটেড মেসেজিং প্ল্যাটফর্ম বা টর নেটওয়ার্কের নিরাপদ চ্যানেলের মাধ্যমে যোগাযোগ করতে পারবেন।

উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি যুদ্ধের শুরুর দিকে এক হামলায় ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি নিহত হন। এরপর তার ছেলে মোজতবা খামেনি দেশটির নতুন সর্বোচ্চ নেতা হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।

 

সূত্র: রয়টার্স