হরমুজ প্রণালি ‘মুক্ত’ করতে বেশি সময় লাগবে না: ট্রাম্প
ইরানের অবরোধে থাকা হরমুজ প্রণালি অল্প সময়ের মধ্যেই ‘উন্মুক্ত’ করা যাবে বলে দাবি করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ন্যাটো সদস্য দেশগুলো সরাসরি অংশগ্রহণ না করলেও যুক্তরাষ্ট্র একাই পরিস্থিতি সামাল দিতে সক্ষম বলেও মন্তব্য করেন তিনি।
মঙ্গলবার সিএনএন-কে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, “আমরা উপকূল ও জলভাগে জোরালো সামরিক অভিযান চালাচ্ছি। খুব দ্রুতই এর ফল দেখা যাবে।”
গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল-এর সঙ্গে সংঘাতের প্রেক্ষাপটে ইরান হরমুজ প্রণালিতে অবরোধ জারি করে।
ইরানের সামরিক বাহিনীর অভিজাত শাখা ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস ঘোষণা দেয়, যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের জাহাজ চলাচল করলে সেগুলোকে লক্ষ্য করে হামলা চালানো হবে।
ব্রিটিশ সামুদ্রিক নিরাপত্তা সংস্থার তথ্য অনুযায়ী, গত কয়েক সপ্তাহে একাধিক জাহাজে হামলার ঘটনা ঘটেছে, যা আন্তর্জাতিক বাণিজ্যে উদ্বেগ তৈরি করেছে।
হরমুজ প্রণালি বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি সরবরাহ রুট। ফলে সেখানে অস্থিরতা তৈরি হওয়ায় আন্তর্জাতিক বাজারে তেল-গ্যাসের দাম বাড়ছে, জাহাজ চলাচল উল্লেখযোগ্যভাবে কমে গেছে।
এই সংকট মোকাবিলায় ট্রাম্প প্রশাসন মিত্র দেশগুলোর সহযোগিতা চাইলেও ন্যাটো দেশগুলো তাতে সাড়া দেয়নি।
তবে মধ্যপ্রাচ্যের কিছু দেশ, বিশেষ করে সংযুক্ত আরব আমিরাত, যুক্তরাষ্ট্রের সঙ্গে সমন্বয় করে কাজ করার আগ্রহ দেখিয়েছে।
ট্রাম্প মধ্যপ্রাচ্যের মিত্রদের প্রশংসা করে বলেন, তারা ইতোমধ্যে গুরুত্বপূর্ণ সহায়তা দিয়েছে।
এদিকে মার্কিন সেন্ট্রাল কমান্ড হরমুজ প্রণালির আশপাশে সামরিক অভিযান জোরদার করেছে। সাম্প্রতিক হামলায় ইরানের কয়েকটি ক্ষেপণাস্ত্র ঘাঁটি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে।


