আমি হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত নই: হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সাল

আমি হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত নই: হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সাল
নিউজ ডেস্ক
২২ মার্চ ২০২৬

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদি হত্যা মামলার প্রধান দুই আসামি ফয়সাল করিম মাসুদ ও আলমগীর হোসেনকে পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনার বিধাননগর মহকুমার একটি বিশেষ আদালতে হাজির করা হয়েছে। রোববার (২২ মার্চ) ১৪ দিনের পুলিশ রিমান্ড শেষে তাদের আদালতে তোলা হয়।

আদালতে তোলার সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে ফয়সাল দাবি করেন, তিনি হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত নন। তবে এর আগে পশ্চিমবঙ্গ পুলিশের বিশেষ টাস্ক ফোর্স (এসটিএফ) জানিয়েছিল, গ্রেফতারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে দুই আসামিই হত্যার বিষয়টি স্বীকার করেছিলেন।

আদালতে নেওয়ার আগে ফয়সালকে বিধাননগর মহকুমা হাসপাতালে শারীরিক পরীক্ষার জন্য নেওয়া হয়। সেখানে তিনি কোনো প্রশ্নের উত্তর দেননি।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

গত ৭ মার্চ গভীর রাতে বাংলাদেশ সীমান্তসংলগ্ন বনগাঁ এলাকায় অভিযান চালিয়ে ফয়সাল ও আলমগীরকে গ্রেফতার করে পশ্চিমবঙ্গ পুলিশ। তদন্ত সূত্রে জানা যায়, তারা মেঘালয় সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করে কয়েক মাস ধরে বিভিন্ন এলাকায় আত্মগোপনে ছিলেন।

এদিকে, এই দুই আসামিকে সীমান্ত পেরিয়ে ভারতে ঢুকতে সহায়তার অভিযোগে ফিলিপ সাংমা নামে এক ব্যক্তিকে ১৩ মার্চ গ্রেফতার করা হয়। তাকে ৭ দিনের রিমান্ড শেষে শনিবার (২১ মার্চ) আদালতে হাজির করা হয়েছে।

উল্লেখ্য, ২০২৫ সালের ১২ ডিসেম্বর রাজধানীর পল্টন এলাকায় মোটরসাইকেলে এসে হেলমেটধারী দুর্বৃত্তরা শরিফ ওসমান হাদিকে গুলি করে। গুরুতর আহত অবস্থায় তাকে সিঙ্গাপুরে নেওয়া হলে ১৮ ডিসেম্বর চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

মামলাটি ঘিরে আন্তঃদেশীয় তদন্ত ও আইনগত প্রক্রিয়া এখনো চলমান রয়েছে।